পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী হামলা, নিহত ১১

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী হামলা, নিহত ১১
হামলার পর পুলিশ চেকপোস্ট থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ৩০ জন। শনিবার (২৬ সেপ্টেম্বর) ডেরা ইসমাইল খান জেলায় এক চেকপোস্টে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে এ হামলা চালানো হয়।

প্রাদেশিক জরুরি পরিষেবার মুখপাত্র বিলাল ফাইজি জানান, হামলায় নিহত ও আহতদের বেশিরভাগই নিরাপত্তাকর্মী ও পথচারী। তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এ হামলার দায় স্বীকার করেছে ।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে জঙ্গি হামলা বেড়েছে। টিটিপির পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত বেলুচ লিবারেশন আর্মিও (বিএলএ) এধরনের কয়েকটি হামলার দায় স্বীকার করেছে।

আফগান তালেবান থেকে আলাদা হলেও তাদের ঘনিষ্ঠ মিত্র হচ্ছে টিটিপি। পাকিস্তান অভিযোগ করে আসছে, টিটিপির সদস্যরা আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে আফগান কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করে আসছে।

বর্তমানে সীমান্ত সংঘর্ষ ও আফগানিস্তানের ভেতরে কথিত জঙ্গি আস্তানায় পাকিস্তানি হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। এ পরিস্থিতিতে চীন, তুরস্ক, কাতার ও সৌদি আরবের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগও থমকে আছে।

উল্লেখ্য ডেরা ইসমাইল খান দক্ষিণ ওয়াজিরিস্তানের কাছে অবস্থিত। একসময় এলাকাটিতে জঙ্গিদের শক্ত ঘাঁটি ছিল। ২০২৩ সালের ডিসেম্বরে একই এলাকায় একটি পুলিশ স্টেশনে বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলায় অন্তত ২৩ জন নিরাপত্তাকর্মী নিহত হন।

সূত্র: দ্য হিল

/এমএকে/