৭২ ঘণ্টার মধ্যে মেট্রোরেলের পিলার থেকে সব পোস্টার সরানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৭২ ঘণ্টার মধ্যে মেট্রোরেলের পিলার থেকে সব পোস্টার সরানোর নির্দেশ

আগামী ৭২ ঘণ্টার মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকার মধ্যে মেট্রোরেলের পিলার থেকে সব ধরনের পোস্টার সরানোর নির্দেশ দিয়েছেন প্রশাসক শফিকুল ইসলাম খান। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় মেট্রোরেল এলাকায় ডেঙ্গুর লার্ভা ধ্বংস ও প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে এ নির্দেশ প্রদান করেন তিনি।

ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান, সামান্য সচেতনতা ও আশপাশ পরিষ্কার রাখলেই ডেঙ্গু থেকে অনেকাংশে সুরক্ষিত থাকা সম্ভব। যেসব স্থানে লার্ভা পাওয়া যাচ্ছে, সেখানে সতর্ক করার পাশাপাশি জরিমানাও করা হচ্ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরবাসীর সহযোগিতাও জরুরি, তাই সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, আগের তুলনায় ঢাকায় বর্জ্য ব্যবস্থাপনার কার্যক্রম বেড়েছে। পর্যায়ক্রমে পুরো শহরেই এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। নগরবাসীর যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে ফুটপাত ও সড়কের ওপর থাকা অবৈধ স্থাপনা ও প্রতিবন্ধকতা সরিয়ে দেয়া হবে। এ ক্ষেত্রে প্রয়োজন হলে কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই অভিযান পরিচালনা করা হবে।

ডেঙ্গুর লার্ভা ধ্বংস ও প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে কথা বলছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান
ডেঙ্গুর লার্ভা ধ্বংস ও প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে কথা বলছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান

এ সময় আগামী ৭২ ঘণ্টার মধ্যে মেট্রোরেলের পিলার থেকে পোস্টার সরিয়ে নেওয়ার জন্য স্থানীয় কর্মীদের নির্দেশ দেন ডিএনসিসি প্রশাসক। একই সঙ্গে নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন তিনি।

মিরপুরের জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন স্থানে পানি জমার কারণ চিহ্নিত করে ব্যবস্থা নেয়ায় এখন জলাবদ্ধতা অনেকটাই কমেছে।

/এফআর/