শিরোনাম

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোয় ট্রাম্পকে ধন্যবাদ জানালেন শেহবাজ

সিটিজেন ডেস্ক
যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোয় ট্রাম্পকে ধন্যবাদ জানালেন শেহবাজ
শেহবাজ শরিফ (বামে) ও ডোনাল্ড ট্রাম্প (ডানে)। ক্লজ: সিটিজেন গ্রাফিক্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়ায় তাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী উল্লেখ করেন, তার এবং সেনা প্রধান আসিম মুনিরের পক্ষ থেকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর যে অনুরোধ করা হয়েছিল, ট্রাম্প তা সদয়ভাবে গ্রহণ করেছেন। চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে আরও সামনে এগিয়ে নেওয়ার সুযোগ করে দিতেই মূলত এ সময়সীমা বাড়ানোর অনুরোধ করা হয়েছিল বলে জানান তিনি।

সংকট সমাধানে আলোচনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে শেহবাজ শরিফ বলেন, আলোচনার মাধ্যমে একটি সমাধানের জন্য পাকিস্তানের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি আরও আশা প্রকাশ করেন, উভয় পক্ষই এ যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলবে। সংঘাতের স্থায়ী অবসানের লক্ষ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় দফার আলোচনা নির্ধারিত রয়েছে, সেখানে একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তি সম্পন্ন করা সম্ভব হবে বলেও তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

সূত্র: আল জাজিরা

/এমএকে/