শিরোনাম

অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান
এলিজা আজাদ রহমান

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকার পরিচালনায় এক নতুন মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা আজাদ রহমান। দেশটির নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিভিত্তিক ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার রাজনীতি ও স্থানীয় সরকার ব্যবস্থার ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী ডেপুটি মেয়র হওয়ার অনন্য গৌরব অর্জন করলেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে ক্যামডেন সিটি কাউন্সিল কক্ষে আয়োজিত সাধারণ সভায় কাউন্সিলরদের সরাসরি ভোটে এলিজা আজাদ ডেপুটি মেয়র নির্বাচিত হন। দায়িত্ব পাওয়ার পর নিজের প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, ‘দলীয় সমর্থনের পাশাপাশি কাউন্সিলরদের সরাসরি ভোটে এই দায়িত্ব পাওয়ায় স্থানীয় নাগরিকদের প্রতি আমার দায়বদ্ধতা ও কাজের পরিধি আরও বাড়ল। ’

চুয়াডাঙ্গা জেলার দর্শনার সন্তান এবং বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলামের মেয়ে এলিজা আজাদ দুই দশকেরও বেশি সময় আগে আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। পড়াশোনার পাঠ চুকিয়ে তিনি ধীরে ধীরে দেশটির বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতির সঙ্গে নিজেকে সক্রিয়ভাবে যুক্ত করেন। রাজনৈতিক নিষ্ঠার ধারাবাহিকতায় ২০২৪ সালের স্থানীয় সরকার নির্বাচনে ক্যামডেন কাউন্সিলের নর্থ ওয়ার্ড থেকে তিনি প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হন।

এলিজা বলেন, একজন বাংলাদেশি হিসেবে প্রবাসের রাজনীতিতে নিজের জায়গা তৈরি করা বেশ চ্যালেঞ্জিং ছিল। তিনি মনেপ্রাণে চান, তাকে দেখে নারীরা রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বে আরও বেশি উৎসাহিত হয়ে এগিয়ে আসুক। এ সাফল্যের পেছনে স্বামী-সন্তানসহ পরিবারের নিরবচ্ছিন্ন সমর্থন এবং অস্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় বহুসাংস্কৃতিক কমিউনিটির ভালোবাসাকে বড় অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার রাজনীতিতে বাংলাদেশিদের এ ধরনের সাফল্য এবারই প্রথম নয়। এর আগে সুমন সাহা সিডনির কাম্বারল্যান্ড সিটি কাউন্সিল এবং মাসুদ খলিল ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করেছেন। এমনকি বর্তমানেও ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলে আরেক বাংলাদেশি মাসুদ চৌধুরী ডেপুটি মেয়র হিসেবে সফলতার সাথে দায়িত্ব সামলাচ্ছেন।

/এমএকে/