শিরোনাম

মেক্সিকোয় ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
মেক্সিকোয় ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
ভূমিকম্পের পর ভবন ছেড়ে রাস্তায় নেমে আসে আতঙ্কিত বাসিন্দারা

ভেনেজুয়েলার পর এবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো উত্তর আমেরিকার দেশ মেক্সিকো। দক্ষিণ মেক্সিকো ও মধ্য আমেরিকার কয়েকটি এলাকায় শুক্রবার (১৭ জুলাই) ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের একটি অংশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মেক্সিকোর আকিলেস সেরদান শহরের উপকূল থেকে প্রায় ৪৮ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরে। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের মাত্র ১৮ কিলোমিটার গভীরে। ফলে এর কম্পন বিস্তীর্ণ এলাকায় অনুভূত হয়।

মেক্সিকোর পাশাপাশি প্রতিবেশী দেশ গুয়াতেমালা ও এল সালভাদরেও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর আতঙ্কিত হয়ে অনেক মানুষ ঘরবাড়ি ও ভবন ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন।

শক্তিশালী এই ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) প্রশান্ত মহাসাগরীয় উপকূলের জন্য সুনামির সম্ভাব্য হুমকির সতর্কতা জারি করে।

ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো গুরুতর ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি বলে জানান মেক্সিকোর নৌবাহিনীর সচিব রাইমুন্ডো মোরালেস।

তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উপকূলীয় এলাকার বাসিন্দাদের সৈকত থেকে দূরে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। সেইসঙ্গে সম্ভাব্য সুনামির ঢেউ সম্পর্কে সরকারি নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

ভূমিকম্প-পরবর্তী আফটারশকের আশঙ্কায় জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

গুয়াতেমালার রাষ্ট্রপতি বের্নার্দো আরেভালো বলেছেন, এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

তবে কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বেশ কয়েকটি বাড়ি ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শিক্ষা মন্ত্রণালয় পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় ক্লাস স্থগিত করেছে।

এল সালভাদরের দমকল বিভাগ জানিয়েছে যে, দেশটিতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি দেখা যায়নি।

ইউএসজিএস-এর তথ্যমতে, এই অঞ্চলে একাধিক আফটারশক অনুভূত হয়েছে, যার মধ্যে একটির প্রাথমিক মাত্রা ছিল ৬.০।

সূত্র: সিএনএন, গালফ নিউজ

/জেএইচ/