শিরোনাম

ভূমিকম্পে পরিবার ও পা হারানো শিশুর ইচ্ছা পূরণ করলেন রোনালদো

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ভূমিকম্পে পরিবার ও পা হারানো শিশুর ইচ্ছা পূরণ করলেন রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদো (বাঁয়ে) ও হাসপাতালের বেডে রোনালদোর খুদে ভক্ত আন্দ্রেস মিয়েলেস (ডানে)। কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

ভয়াবহ ভূমিকম্পে পরিবার ও নিজের একটি পা হারিয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে ভেনেজুয়েলার ১০ বছর বয়সী শিশু আন্দ্রেস মিয়েলেস। চলমান ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মাঝেও হাসপাতালের চার দেয়ালে বন্দী এ খুদে ফুটবলভক্তের মনে লুকিয়ে ছিল এক ব্যাকুল আকুতি। বিশ্বকাপ অ্যালবামের জন্য প্রিয় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি স্টিকার সংগ্রহ করা। অবশেষে সেই অপূর্ণ আকাঙ্ক্ষার কথা পৌঁছে যায় স্বয়ং পর্তুগিজ মহাতারকার কানে, তিনিও সাড়া দিতে দেরি করেননি।

খুদে ভক্তের সেই লালিত স্বপ্নপূরণে অনন্য এক ভালোবাসার নিদর্শন দেখিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আন্দ্রেসের জন্য একটি বিশেষ ভিডিও বার্তার পাশাপাশি নিজের স্বাক্ষর করা জার্সি ও কাঙ্ক্ষিত সেই স্টিকার পাঠিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তথ্যটি নিশ্চিত করেছেন সাংবাদিক গ্যাবি আরোচার।

ভিডিও বার্তায় রোনালদো তার এই বিশেষ ভক্তকে সাহস জুগিয়ে বলেন, ‘হ্যালো আন্দ্রেস, কেমন আছো তুমি? তোমাকে অনেক ভালোবাসা জানাতেই এই ভিডিওটি করা। আমি জানি তুমি আমার কত বড় ভক্ত। দ্রুত সুস্থ হয়ে ওঠো। আমি চাই তুমি মাঠে এসে আমার খেলা দেখো এবং আমরা একসঙ্গে সেই মুহূর্তটি উপভোগ করি। তোমার সঙ্গে দেখা করার অপেক্ষায় রইলাম, শক্ত থেকো বন্ধু।’

প্রিয় তারকার কাছ থেকে এমন অভাবনীয় উপহার ও বার্তা পেয়ে হাসিতে ভরে উঠেছে হাসপাতালের বিছানায় থাকা শিশুটির বিষণ্ন মুখ। সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর এ মানবিক আচরণ সর্বস্তরের মানুষের প্রশংসায় ভাসছে। অবশ্য অসহায় ও পীড়িত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে রোনালদোর এমন উদ্যোগ এবারই প্রথম নয়, এর আগেও মাঠ ও মাঠের বাইরে বহুবার তিনি অনন্য সব দৃষ্টান্ত স্থাপন করে ফুটবল দুনিয়ায় কিংবদন্তি হয়ে উঠেছেন।

/এমএকে/