শিরোনাম

আল আকসায় ধর্মীয় আচার পালন ২৫০ ইসরায়েলির

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
আল আকসায় ধর্মীয় আচার পালন ২৫০ ইসরায়েলির
আল-আকসা মসজিদ

ফিলিস্তিনের পূর্ব জেরুজালেমে অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে জোরপূর্বক প্রবেশ করেছেন প্রায় আড়াই শ ইসরায়েলি বসতি স্থাপনকারী। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাদের নিরাপত্তায় তারা এখানে প্রবেশ করেন এবং সেখানে নিয়ম ভেঙে প্রার্থনা ও বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন।

১৯৬৭ সালের ঐতিহাসিক ‘স্ট্যাটাস কো’ বা সমঝোতা চুক্তি অনুযায়ী, আল-আকসা প্রাঙ্গণে অমুসলিমদের প্রবেশের সীমিত অনুমতি থাকলেও সেখানে কোনো ধরনের প্রার্থনা বা ধর্মীয় আচার পালনের কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু সে নিয়মকে তোয়াক্কা না করে বসতি স্থাপনকারীদের এ তৎপরতা নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে।

ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থানটির নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দীর্ঘদিনের সংঘাতপূর্ণ সম্পর্ক রয়েছে। বিশেষ করে ইসরায়েলের উগ্র ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরের বিতর্কিত কর্মকাণ্ড এ সংকটকে আরও উসকে দিয়েছে। ২০২২ সালে মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি একাধিকবার জোর করে আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করে তীব্র উত্তেজনা সৃষ্টি করেছেন।

ফিলিস্তিনিদের কাছে আল-আকসায় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের এমন প্রকাশ্য প্রবেশ এবং নিয়ম ভেঙে ধর্মীয় আচার পালনের ঘটনা সম্পূর্ণভাবে উসকানিমূলক। তারা এটিকে নিজেদের ধর্মীয় অনুভূতিতে সরাসরি আঘাত হিসেবে দেখছেন। সর্বশেষ এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় নতুন করে উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/