গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬
ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত নাসের হাসপাতালের ক্ষয়ক্ষতি পরিদর্শন করছেন চিকিৎসাকর্মীরা

গাজা উপত্যকার খান ইউনূসের নাসের হাসপাতাল কমপ্লেক্সে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ২০ জন। গত রাতের এ হামলার পর যৌথ এক বিবৃতিতে এর দায় স্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এবং অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত। দখলদার বাহিনীর দাবি, হাসপাতালের ওই চত্বরে হামাসের খান ইউনূস ব্রিগেডের কমান্ডার মোহাম্মদ আবু ঈসমাইল লুকিয়ে ছিলেন।

আবু ঈসমাইলের কাজ ছিল খান ইউনূস ব্রিগেডের কার্যক্রম পরিচালনা করা এবং ইসরায়েলি সেনাবাহিনী ও সাধারণ মানুষের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও সেগুলো এগিয়ে নেওয়া। এ ব্রিগেডের সাবেক কমান্ডার সেপ্টেম্বরে ইসরায়েলি হামলায় প্রাণ হারান। এরপর আবু ঈসমাইল দায়িত্ব পান। এখন তাকে লক্ষ্য করেও হামলা চালিয়েছে ইসরায়েল। তবে হামলায় কমান্ডার ঈসমাইল বেঁচে আছেন নাকি মারা গেছেন, তা এখনো নিশ্চিত করতে পারেনি ইসরায়েল। দেশটির গোয়েন্দা সংস্থা জানিয়েছে, তার সর্বশেষ অবস্থা কী, তা যাচাই করার চেষ্টা চলছে।

এদিকে গত বছর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হওয়ার কথা থাকলেও গাজায় প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এমএকে/