শিরোনাম

৮৭ দিন পর আবারও ইন্টারনেট পরিষেবা চালু ইরানে

সিটিজেন ডেস্ক
৮৭ দিন পর আবারও ইন্টারনেট পরিষেবা চালু ইরানে
৮৭ দিন পর ইন্টারনেট পরিষেবা চালুর নির্দেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: এআই

দীর্ঘ ৮৭ দিন পর ইরানে দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা পুনরায় চালু করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার (২৫ মে) ইরানের সাইবার স্পেস পরিচালনাকারী শীর্ষস্থানীয় সংস্থাগুলোর প্রধানদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর তিনি এ সিদ্ধান্ত নেন। ইরানি সংবাদমাধ্যম মেহের নিউজ দেশটির যোগাযোগ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

আধা সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, ইন্টারনেট পুনরায় চালু করার বিষয়ে সোমবারের বৈঠকে পেজেশকিয়ানসহ মোট ১২ জন নীতিনির্ধারক উপস্থিত ছিলেন। সেখান ইন্টারনেটে পরিষেবা চালু করার প্রশ্নে একটি অভ্যন্তরীণ ভোটাভুটি হয়, যেখানে উপস্থিত সদস্যদের মধ্যে ৯ জন ইন্টারনেট চালুর পক্ষে এবং ৩ জন বিপক্ষে ভোট দেন।

দেশটিতে এ দীর্ঘ ইন্টারনেট ব্ল্যাকআউটের সূত্রপাত হয় গত ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে। আন্দোলন তীব্র রূপ নিলে গত ৮ জানুয়ারি প্রথম দফায় দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা পুরোপুরি বন্ধ করে দেয় ইরানি প্রশাসন। পরবর্তীতে পরিস্থিতি কিছুটা স্তিমিত হয়ে এলে ২৩ জানুয়ারি আংশিকভাবে ইন্টারনেট চালু করা হয়, যা ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বজায় ছিল।

এরপর ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে সামরিক হামলা শুরু করলে জাতীয় নিরাপত্তার স্বার্থে সরকার আবারও দেশটিতে ইন্টারনেট যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেয়। টানা ৪০ দিন যুদ্ধ চলার পর গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও ইন্টারনেটের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি স্থায়ী শান্তিচুক্তি স্বাক্ষরের সম্ভাবনা জোরালো হওয়া এবং যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানোর কূটনৈতিক প্রেক্ষাপটে, ইরান সরকার নাগরিকদের জন্য ইন্টারনেট উন্মুক্ত করার এ চূড়ান্ত সিদ্ধান্ত নিল।

সূত্র: রয়টার্স

/এমএকে/