শিরোনাম

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কোনো আশ্রয় থাকবে না: মোজতবা খামেনি

সিটিজেন ডেস্ক
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কোনো আশ্রয় থাকবে না: মোজতবা খামেনি
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: ইরনা

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুক্তরাষ্ট্র আর নতুন কোনো সামরিক ঘাঁটি স্থাপন করতে পারবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। পবিত্র মক্কা নগরীতে মুসলমানদের বার্ষিক ধর্মীয় অনুষঙ্গ হজ পালন উপলক্ষে ফারসি ভাষায় দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। মঙ্গলবার (২৬ মে) এক্সে দেওয়া বিবৃতিতে খামেনি বলেন, মধ্যপ্রাচ্যের কোনো জাতি বা ভূখণ্ড মার্কিন সামরিক স্বার্থের ঢাল হিসেবে ব্যবহৃত হবে না এবং অরাজকতা সৃষ্টির জন্য আমেরিকা এখানে আর কোনো নিরাপদ আশ্রয় পাবে না।

বর্তমানে কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং জর্ডানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন কৌশলগত অবস্থানে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) স্থায়ী সামরিক ঘাঁটি ও উপস্থিতি রয়েছে। খামেনি তার বিবৃতিতে এই অঞ্চলের মার্কিন উপস্থিতির তীব্র বিরোধিতা করার পাশাপাশি ইসরায়েলকেও কড়া হুমকি দেন। তিনি ইসরায়েলকে একটি নড়বড়ে জায়নবাদী শাসনব্যবস্থা হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, তেল আবিব এখন তাদের অভিশপ্ত পতনের চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ভূয়সী প্রশংসা করে বলেন, প্রতিরোধ ফ্রন্টের মুজাহিদিনরা মার্কিন ও জায়নবাদী দুই সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে অভূতপূর্ব বিজয় অর্জন করেছে। এছাড়া অপারেশন রোরিং লায়নের মাধ্যমে ইরান জায়নবাদী শাসনকে সম্পূর্ণ অসহায় করে তুলেছে এবং আগ্রাসী আমেরিকার চপেটাঘাতের মুখে আত্মসমর্পণ করার শত্রুর সব পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে বলেও তিনি দাবি করেন। মুসলিম বিশ্বের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের জন্য খামেনি সকল ইসলামী দেশ ও সরকারকে পারস্পরিক কল্যাণ ও বন্ধুত্বের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

সূত্র: দ্য জেরুজালেম পোস্ট

/এমএকে/