লাখো মানুষের সমাবেশে উত্তাল তেহরান, প্রতিশোধের হুংকার

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
লাখো মানুষের সমাবেশে উত্তাল তেহরান, প্রতিশোধের হুংকার

যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসন প্রতিহত করে ইসলামি ব্যবস্থা টিকিয়ে রাখতে জীবন দিতেও প্রস্তুত সাধারণ মানুষ- এমন জোরালো বার্তা নিয়ে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) উত্তাল হয়ে ওঠে তেহরানের রাজপথ। ইমাম হোসেন স্কয়ার থেকে ইনকিলাব স্কয়ার পর্যন্ত আয়োজিত ‘ইরানের জন্য আত্মত্যাগ’ বা জানফাদা-ই-ইরান নামের এ বিশাল প্যারেডে অংশ নেন প্রায় ৩ লাখ ১৩ হাজার মানুষ।

কর্মসূচি চলাকালে তেহরানের রাস্তায় সারি সারি ক্ষেপণাস্ত্র ইউনিটকে মহড়া দিতে দেখা যায়। এর মধ্য দিয়ে মূলত বিশ্বমঞ্চে নিজেদের সামরিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতার কঠোর বার্তা দিয়েছে দেশটি। প্যারেডে অংশ নেওয়া এক বাসিজ সদস্য মেহের নিউজকে জানান, ‘শহীদ নেতার রক্তের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি এই ইউনিফর্ম খুলব না।’

এ বিশাল সমাবেশে বাসিজ বাহিনীর প্রধান বলেন, ‘এই বিশাল প্যারেড প্রমাণ করে যে ইরানি জাতি নিজেদের রক্ষা করতে এবং জাতীয় শক্তি বজায় রাখতে সম্পূর্ণ প্রস্তুত।’

এর আগে ‘জান-ফাদা’ ক্যাম্পেইন হেডকোয়ার্টার্সের মুখপাত্র সাসান জারে জানান, এ প্রচারণায় ইতোমধ্যেই দেশজুড়ে ব্যাপক সাড়া মিলছে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিয়ে তিনি বলেন, জান-ফাদা প্রচারণায় ৩ কোটি ১০ লাখ মানুষের নিবন্ধন প্রমাণ করে জনগণই জাতীয় নিরাপত্তার প্রধান স্তম্ভ। একটি ৩ কোটি সদস্যের সেনাবাহিনী গঠনে প্রস্তুত থাকার এ ঘোষণা ইতিহাসে নজিরবিহীন। সব মিলিয়ে তেহরানের এ বিশাল প্যারেড মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে বেশ বড় বার্তা দিল।

সূত্র: মেহের নিউজ

/এমএকে/