আওয়ামী লীগ আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদেশ, যা জানালো ভারত

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
আওয়ামী লীগ আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদেশ, যা জানালো ভারত
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া ১০১টি চুক্তি বা সমঝোতা বর্তমান সরকার পর্যালোচনা করছে- এমন খবর প্রকাশের পর তা নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও, নিজেদের স্বার্থ রক্ষায় সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিল্লিতে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

সংবাদ সংস্থা এএনআইয়ের এক সাংবাদিক জানতে চান, বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার শেখ হাসিনা আমলের ১০১টি চুক্তি পর্যালোচনা করছে এবং এ বিষয়ে ঢাকা থেকে কিছু জানানো হয়েছে কি না। এর জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা এ বিষয়ে কিছু গণমাধ্যমের প্রতিবেদন দেখেছি, তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদের এখনো কিছু জানানো হয়নি। স্বাভাবিকভাবেই, ভারত তার নিজস্ব স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।’

এর আগে ১১ সেপ্টেম্বর জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে সম্পাদিত ১০১টি চুক্তি বর্তমান সরকার খতিয়ে দেখছে। এসব চুক্তির মধ্যে দেশের স্বার্থবিরোধী কোনো শর্ত বা বিষয় রয়েছে কি না, তা গভীরভাবে যাচাই-বাছাই করে খুব দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এর ধারাবাহিকতায় ১৩ সেপ্টেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরও জানান, এ স্মারক ও চুক্তিগুলো জাতীয় সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে।

এদিকে চলতি বছরের ডিসেম্বরেই শেষ হতে চলেছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এ গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে করা এক প্রশ্নের জবাবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘গঙ্গার পানিবণ্টনসহ পানি-সংক্রান্ত সব দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের যৌথ নদী কমিশন (জেআরসি) মেকানিজম রয়েছে। পানিবিষয়ক কারিগরি পর্যায়ের বৈঠকগুলো নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে।’

/এমএকে/