হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে এলএনজিবাহী ট্যাংকারে আগুন

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে এলএনজিবাহী ট্যাংকারে আগুন
হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে এলএনজিবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্থ

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে একটি গ্যাসবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ নভেম্বর) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী জাহাজটি একটি নৌ-মাইনের আঘাতে বিস্ফোরিত হয় বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড নৌবাহিনী।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ট্যাংকারটি একটি অননুমোদিত ও বিপজ্জনক পথ দিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনার কবলে পড়ে। তবে ট্যাংকারটির নাম-পরিচয় বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইরানের গণমাধ্যমে জানানো হয়েছিল, বৈশ্বিক নৌচলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ জলপথে ৪টি তেলবাহী ট্যাংকার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। সে সময় গণমাধ্যমগুলোর খবরে দাবি করা হয়, ওই জাহাজগুলো সতর্কতা উপেক্ষা করে প্রণালির নিষিদ্ধ ঘোষিত এলাকায় ঢুকে পড়েছিল।

ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন-ইসরায়েলি যুদ্ধের উত্তেজনা কিছুটা কমে আসার ইঙ্গিতে প্রভাব পড়েছিল বিশ্ববাজারে তেলের দামেও। ফলে ওই পথে জাহাজ চলাচলও আবার বাড়তে শুরু করেছিল। কিন্তু এমন পরিস্থিতির মধ্যেও প্রণালিজুড়ে একের পর এক ট্যাংকার হামলার শিকার হচ্ছে।

ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির তথ্য বলছে, নভেম্বরের প্রথম ১০ দিনেই অন্তত ১০টি জাহাজ আক্রমণের শিকার হয়েছে। এর আগে অক্টোবর মাসে হামলার শিকার হয়েছিল ৩৭টি জাহাজ। এটি সংঘাত শুরুর পর থেকে এক মাসে সর্বোচ্চ হামলার রেকর্ড।

সূত্র: রয়টার্স

/এমএকে/