নিজেকে তিরস্কার করা সৈনিককেই পদক পরিয়ে দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
নিজেকে তিরস্কার করা সৈনিককেই পদক পরিয়ে দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ পেন্টাগনে থমাস ইগলেসিয়াসকে মেডেল প্রদান করছেন। ছবি: সিএনএন

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং তার সহকর্মীদের তিরস্কার করে শেষ পর্যন্ত সম্মাননা পেলেন এক সেনা সদস্য। যুক্তরাষ্ট্রের আর্লিংটন ন্যাশনাল সেমেটারিতে অজ্ঞাত সৈনিকের সমাধিস্থলে নীরবতা ভাঙায় তাদের সতর্ক করেছিলেন তিনি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ওই সেনাকে ‘যৌথ সেবা প্রশংসা পদক’ (জয়েন্ট সার্ভিস কমেন্ডেশন মেডেল) পরিয়ে দিয়েছেন হেগসেথ নিজেই ।

পদক প্রদানের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পিট হেগসেথ লিখেছেন, আমরা সৈন্যদের ভালোবাসি। আমরা আদর্শকে ভালোবাসি। সাবাশ, স্পেশালিস্ট, এবং সবশেষে যোগ করেন, এগিয়ে যাও দেশপ্রেমিকরা।

পেন্টাগনের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, হেগসেথ ‘দ্য ওল্ড গার্ড’ নামে পরিচিত ৩য় পদাতিক রেজিমেন্টকে পেন্টাগনে স্বাগত জানান। সেখানে তিনি অজ্ঞাত সৈনিকের সমাধিতে কর্তব্য পালনের জন্য স্পেশালিস্ট থমাস ইগলেসিয়াসকে যৌথ সেবা প্রশংসা পদক প্রদান করেন।

সিএনএন-এর এক প্রতিবেদনে ঘটনাটি প্রথম সামনে আসে। বুধবার আর্লিংটন ন্যাশনাল সেমেটারিতে ভেটেরানস ডে-র আনুষ্ঠানিকতা শেষে হেগসেথ, তার স্ত্রী, চিফ অফ স্টাফ রিকি বুরিয়া, ডেপুটি চিফ অফ স্টাফ প্যাট্রিক উইভার এবং সিনিয়র উপদেষ্টা ও ডেপুটি অ্যাসিস্ট্যান্ট টামি রাডাবো সমাধির সামনে দাঁড়িয়ে ছবি তুলছিলেন। ছবি তোলা শেষ হতেই দলের কয়েকজন নিজেদের মধ্যে হাসাহাসি ও কথা বলতে শুরু করেন। ঠিক তখনই সমাধির সামনে টহলরত সেনা স্পেশালিস্ট টমাস ইগলেসিয়াস তার পায়চারি থামিয়ে দলটির দিকে ঘুরে দাঁড়ান।

কঠোর কিন্তু সংযত কণ্ঠে ইগলেসিয়াস আহ্বান জানান, সকল দর্শনার্থী সর্বদা নীরবতা ও শ্রদ্ধার পরিবেশ বজায় রাখবেন। এই ঘটনায় কোনো ক্ষোভ প্রকাশ না করে বরং পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল জানান, ওই সৈনিক সঠিক ও সম্মানের সঙ্গে সবাইকে শিষ্টাচার বজায় রাখার কথা মনে করিয়ে দিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের অন্যতম পবিত্র যুদ্ধ স্মারকস্থলে দেশি-বিদেশি শীর্ষ রাজনীতিবিদ ও গণ্যমান্য ব্যক্তিরা নিয়মিত শ্রদ্ধা জানাতে আসেন। ১৯৪৮ সাল থেকে সপ্তাহের সাত দিন, চব্বিশ ঘণ্টা এ সমাধি পাহারার দায়িত্বে রয়েছে ‘দ্য ওল্ড গার্ড’-এর সৈন্যরা। উচ্চপদস্থ যে-ই হোন না কেন, সমাধির পবিত্রতা ও নীরবতা বজায় রাখতে উচ্চস্বরে কথা বলা দর্শনার্থীদের সতর্ক করা এ রক্ষীদের দায়িত্বেরই অংশ।

সূত্র: সিএনএন

/এমএকে/