নির্বাচনি বিরতির পর পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান শুরু

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
নির্বাচনি বিরতির পর পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান শুরু
কোলাজ: সিটিজেন জার্নাল টোয়েন্টিফোর

ইসরায়েলে চলছে নির্বাচনের ভোট গণনা, ঠিক তখনই অধিকৃত পশ্চিম তীর জুড়ে যেন বিভীষিকা নেমে এসেছে। ফিলিস্তিনিদের বসতিগুলোতে জোরদার অভিযান চালানোর পাশাপাশি ঘরবাড়ি গুড়িয়ে দিচ্ছে ইসরায়েলি বাহিনী। সামরিক শাসন আর বৈষম্যের কবলে থাকা এ এলাকার মানুষের জন্য যেন কোনো স্বস্তি নেই।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, নাবলুসের দক্ষিণে বেইতা এলাকায় সামরিক বাহিনী একটি বাড়ি সম্পূর্ণ গুঁড়িয়ে দিয়েছে এবং অন্য আরেকটি বাড়ি ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে।

একই ধরণের তাণ্ডব চলেছে অন্যান্য এলাকাতেও। অধিকৃত জেরুজালেমের পূর্বে আল-সাওয়াহরা আল-শারকিয়াতে ইসরায়েলি সৈন্যরা আচমকা প্রবেশ করে আতঙ্ক ছড়ায়। অন্যদিকে আল-আকসা মসজিদের দক্ষিণে অবস্থিত সিলওয়ানে এক ফিলিস্তিনি বাসিন্দাকে বাধ্য করা হয়েছে নিজ হাতে নিজের ঘর ভেঙে ফেলতে।

শুধু বাড়িঘর ধ্বংস করেই তারা ক্ষান্ত হয়নি, চলেছে ব্যাপক ধরপাকড়। তুবাস এলাকা থেকে এক ফিলিস্তিনি যুবককে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া নাবলুসের উত্তর-পশ্চিমের বুরকা এলাকা থেকে অন্তত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে রামাল্লার উত্তর-পূর্বে আল-মুঘাইয়ির এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। সেখানকার কয়েক ডজন বাড়িতে পর পর অভিযান চালিয়েছে ইসরায়েলি সৈন্যরা। ফলে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

সূত্র: মিডল ইস্ট আই

/এমএকে/