সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২৩ হাজার যাত্রী

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২৩ হাজার যাত্রী
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ

সৌদি আরবের বিমানবন্দরগুলোয় হামলার পর ফ্লাইট চলাচলে বিধিনিষেধ আরোপ করায় ঢাকা-সৌদি রুটে বিমান চলাচল ব্যাহত হচ্ছে। এ পর্যন্ত এ রুটের ১৫৯টি ফ্লাইট বাতিল ও স্থগিত করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন প্রায় ২৩ হাজার যাত্রী।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত বিভিন্ন এয়ারলাইনসের এসব ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৭টি, সৌদিয়া এয়ারলাইনসের ২০টি, রিয়াদ এয়ারওয়েজের ১৫টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট রয়েছে।

বেবিচকের হিসাবে, ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় মোট ২২ হাজার ৭২১ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি বাতিল ও স্থগিত হওয়া ফ্লাইটগুলোর নতুন সময়সূচি নির্ধারণে কাজ করছে সংস্থাটি।

এর আগে গত ১১ অক্টোবর হুথিদের হামলার পর সৌদি আরবের রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামে ফ্লাইট চলাচল বন্ধ রাখে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। অন্যদিকে ইউএস-বাংলা এয়ারলাইনস ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী ফ্লাইট বাতিলের ঘোষণা দেয়।

সৌদি আরবের বিমানবন্দরগুলোয় চলমান বিধিনিষেধের কারণে এখনো ফ্লাইট চলাচলে অনিশ্চয়তা কাটেনি। এতে সৌদিগামী যাত্রীদের ভোগান্তি অব্যাহত রয়েছে।

/এমআর/