শিরোনাম

মধ্যপ্রাচ্য সংকটের মূল্য দিচ্ছে সাধারণ মানুষ: জাতিসংঘ মহাসচিব

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
মধ্যপ্রাচ্য সংকটের মূল্য দিচ্ছে সাধারণ মানুষ: জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ক্রমান্বয়ে একটি গভীর ও সর্বাত্মক সংকটের দিকে ধাবিত হচ্ছে এবং এর নেতিবাচক প্রভাব আঞ্চলিক সীমানা পেরিয়ে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে বলে চরম উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখার সময় তিনি এ সতর্কবার্তা দেন বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা নিশ্চিত করেছে।

জাতিসংঘ মহাসচিব তার বক্তব্যে উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষ এ সংঘাতের সবচেয়ে ভয়াবহ ও নির্মম মূল্য চুকাচ্ছে। একই সঙ্গে এ সংকটের আঁচ বৈশ্বিক পরিমণ্ডলে ছড়িয়ে পড়ায় বিশ্বের পিছিয়ে পড়া ও দুর্বল দেশ এবং জনগোষ্ঠীগুলো সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছে। সাম্প্রতিক সময়ে এ অঞ্চলে নতুন করে হামলা বৃদ্ধি এবং সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি ঘটায় গভীর শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, চলমান পরিস্থিতি যেকোনো মুহূর্তে একটি পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে।

গুতেরেসের মতে, এ দ্বন্দ্ব কেবল মধ্যপ্রাচ্যের ভৌগোলিক সীমানার মধ্যেই সীমাবদ্ধ নেই। এটি বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিরতা, ব্যাপক বাস্তুচ্যুতি এবং নিরাপত্তাহীনতা বাড়িয়ে তুলছে। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে আন্তর্জাতিক বাজার, জ্বালানি তেলের দাম, বৈশ্বিক বাণিজ্যপথ এবং খাদ্য সরবরাহ ব্যবস্থার ওপর। ফলে বিশ্বের দরিদ্র দেশগুলোর ওপর অর্থনৈতিক চাপ আরও তীব্র হচ্ছে।

এদিকে আন্তর্জাতিক বিশ্লেষকরাও সতর্ক করে বলেছেন, সামরিক উত্তেজনা আর বাড়লে বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি সরবরাহ ও খাদ্য নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে। এমন পরিস্থিতিতে এ অঞ্চলের রক্তক্ষয়ী সংকট নিরসনে এবং পরিস্থিতি শান্ত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত কার্যকর কূটনৈতিক পদক্ষেপ ও আলোচনা জোরদার করার আহ্বান জানানো হচ্ছে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/