শিরোনাম

মার্কিন অবরোধ এড়িয়ে বিপুল পরিমাণ তেল রপ্তানি ইরানের

সিটিজেন ডেস্ক
মার্কিন অবরোধ এড়িয়ে বিপুল পরিমাণ তেল রপ্তানি ইরানের
ছবি: সংগৃহীত

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কঠোর অবরোধ ‌এড়িয়ে ইরান বিপুল পরিমাণ তেল রপ্তানি অব্যাহত রেখেছে। সমুদ্রপথে জাহাজের গতিবিধি বিশ্লেষণকারী সংস্থা ট্যাঙ্কারট্র্যাকার্স জানিয়েছে, ইরান সম্প্রতি তাদের রপ্তানি টার্মিনালে ৪ দশমিক ৬ মিলিয়ন ব্যারেল সমমানের তেল লোড করেছে।একইসঙ্গে সংস্থাটির ধারণা, আরও প্রায় ৪ মিলিয়ন ব্যারেল ইরানি তেল ইতোমধ্যে মার্কিন অবরোধের সীমা অতিক্রম করে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে।

ইরানের এ তেল রপ্তানির প্রধান মাধ্যম হলো হরমুজ প্রণালি, যা দেশটির মোট রপ্তানিকৃত তেলের প্রায় ৮০ শতাংশের পথ হিসেবে ব্যবহৃত হয়। ট্রেড ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান কপ্লারের দেওয়া তথ্যমতে, ইরান গত মার্চ মাসে প্রতিদিন ১ দশমিক ৮৪ মিলিয়ন ব্যারেল এবং এপ্রিল পর্যন্ত প্রতিদিন ১ দশমিক ৭১ মিলিয়ন ব্যারেল তেল রফতানি করেছে। এই রপ্তানির হার ২০২৫ সালের গড় ১ দশমিক ৬৮ মিলিয়ন ব্যারেলের তুলনায় কিছুটা ঊর্ধ্বমুখী।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন অবরোধের মধ্যেও ইরানের এমন তেল রপ্তানি আন্তর্জাতিক তেলের বাজারে সরবরাহ এবং দাম উভয় ক্ষেত্রেই ব্যাপক প্রভাব ফেলতে পারে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/