শিরোনাম

সমঝোতার পরদিনই লেবাননে নতুন হামলা ইসরায়েলের

সিটিজেন ডেস্ক
সমঝোতার পরদিনই লেবাননে নতুন হামলা ইসরায়েলের
লেবাননে ইসরায়েলি হামলার পর ধোঁয়ার কুণ্ডুলি।

সদ্য স্বাক্ষরিত হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল।

শনিবার (১৬ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের শহরগুলোতে কামান ও যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান আজ সকালে দক্ষিণ লেবাননের ইয়োহমোর আল-শাকিফ শহরে বিমান হামলা চালিয়েছে।

এএনএ আরও জানিয়েছে, কাফার তেবনিত, আরনুন ও ইয়োহমোর আল-শাকিফ শহরগুলোর পাশাপাশি আরনুন-কাফার তেবনিত সড়কটিও ভারী কামানের গোলার মুখে পড়েছে।

এর আগে গতকাল শুক্রবার ওয়াশিংটন সংলাপে যুদ্ধবিরতির মেয়াদ ৪৫ দিন বৃদ্ধির সিদ্ধান্ত নেয় ইসরায়েল এবং লেবানন। বিষয়টি নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগোট। সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘ওয়াশিংটনে ইসরায়েল এবং লেবানেননের দুই দিনের সংলাপ শুক্রবার শেষ হয়েছে। তাদের মধ্যে খুবই ফলপ্রসূ সংলাপ হয়েছে। গত ১৬ এপ্রিল যে যুদ্ধবিরতি ঘোষণা করেছিল ইসরায়েল-লেবানন, এই সংলাপের পর তার মেয়াদ আরও ৪৫ দিন বেড়েছে।’

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী। পাশাপাশি ২ মার্চ থেকে লেবাননের দক্ষিণাঞ্চলে সামরিক অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তাদের লক্ষ্য লেবাননভিত্তিক ইরান-সমর্থিত সশস্ত্র ইসলামি গোষ্ঠী হিজবুল্লাকে সম্পূর্ণ নির্মূল করা। তবে বাস্তবে বেসামরিক স্থাপনা ও মানুষকে লক্ষ্যবস্তু করছে ইসরায়েলি বাহিনী।

টানা প্রায় দেড় মাস যুদ্ধ-সংঘাতের পর যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে গত ১৬ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল ও লেবানন। আগামী রবিবার সেই বিরতি শেষ হওয়ার কথা ছিল। তবে তার আগেই মেয়াদ আরও ৪৫ দিন বাড়ালো দুই দেশ। আর এই যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে হামলার ঘটনা সামনে এলো।

সূত্র: আল জাজিরা, রয়টার্স

/জেএইচ/