শিরোনাম

যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েল-হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলা

সিটিজেন ডেস্ক
যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েল-হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলা
লেবাননে ইসরায়েলি হামলায় ধোয়ার কুণ্ডুলি। ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতির মধ্যে দক্ষিণ লেবাননে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, কফারকেলা এলাকায় একটি প্রস্তুত অবস্থায় থাকা রকেট লঞ্চার লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি বাহিনী আরও জানিয়েছে, লক্ষ্যবস্তুটি তাদের নির্ধারিত তথাকথিত ‘ইয়েলো লাইন’-এর উত্তরে অবস্থিত ছিল। যেখান থেকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী সামরিক অভিযান পরিচালনা করছে।

লেবাননে ইসরায়েল ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি কর্যকরের মধ্যেই এই হামলার ঘটনা ঘটলো।

যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলের এ ধরনের হামলা চলমান উত্তেজনা আরও বৃদ্ধি করতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। এ অবস্থায় যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর একটি কনভয়ে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ। গোষ্ঠীটির দাবি, তাইবেহ শহর থেকে দেইর সিরিয়ান এলাকার দিকে অগ্রসরমান আটটি সাঁজোয়া যানবাহনের বহরে আগে থেকে পেতে রাখা বিস্ফোরক দিয়ে এই হামলা চালানো হয়।

স্থানীয় সময় রবিবার (১৯ এপ্রিল) বিকাল ৩টা ৪০ মিনিট থেকে ৪টা ৪০ মিনিটের মধ্যে দুই দফায় বিস্ফোরণ ঘটে বলে জানানো হয়েছে।

হিজবুল্লাহর দাবি, এসব বিস্ফোরণে চারটি মার্কাভা ট্যাংক ধ্বংস হয়েছে।

সূত্র: আল জাজিরা, রয়টার্স

/জেএইচ/