শিরোনাম

আমিরাতের সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে চাই: পেজেশকিয়ান

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
আমিরাতের সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে চাই: পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান

মধ্যপ্রাচ্যে চলা চরম উত্তেজনার মাঝে তেহরান ও আবুধাবির সম্পর্কে বরফ গলতে শুরু করেছে। নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে মুখোমুখি বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান। দীর্ঘদিনের সামরিক ও কূটনৈতিক দূরত্বের অবসান ঘটিয়ে দুই দেশই সম্পর্ক পুনর্গঠনে ‘নতুন অধ্যায় শুরু করতে’ সম্মত হয়েছে বলে জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট।

মাসুদ পেজেশকিয়ান বলেন, সংকট শুরুর পর থেকে পারস্য উপসাগরীয় অঞ্চলে নানা ঘটনা ঘটলেও আবুধাবির ক্রাউন প্রিন্সের সঙ্গে আমাদের অত্যন্ত গঠনমূলক আলোচনা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, অতীত পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করব, ভবিষ্যতের দিকে তাকাব এবং একসঙ্গে তা গড়ে তুলব।

এদিকে হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে এবং আঞ্চলিক উত্তেজনা কমাতে সোমবার (১৪ সেপ্টেম্বর) ওমানে উপসাগরীয় দেশগুলোর জোট জিসিসির সঙ্গে ইরানের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার (১৩ সেপ্টেম্বর) আয়ারল্যান্ডে সাংবাদিকদের জানিয়েছেন, ‘উপসাগরীয় দেশগুলো ইরানের সঙ্গে বৈঠক করল কি না, তাতে আমার কিছুই যায় আসে না এটা সম্পূর্ণ তাদের নিজস্ব বিষয়।’

বৈঠকে পেজেশকিয়ান জানান, সংযুক্ত আরব আমিরাত বা আঞ্চলিক কোনো দেশের প্রতি ইরানের কোনো ক্ষোভ নেই। তাদের মূল আপত্তি মূলত ওইসব দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো নিয়ে, যেগুলো ব্যবহার করে ইরানের ওপর হামলা চালানো হচ্ছে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত এবং এ অঞ্চলের অন্যান্য সব দেশ আমাদের ভাইয়ের মতো। আমরা সুদীর্ঘকাল ধরে পাশাপাশি বসবাস করে আসছি, বাণিজ্য করেছি এবং একে অপরকে সমর্থন জানিয়েছি। মিত্র দেশগুলোর উচিত হবে না নিজেদের ভূখণ্ড বা ঘাঁটি শত্রুদের ব্যবহার করতে দেওয়া, যেখান থেকে প্রতিবেশী দেশের ওপর হামলা চালানো হয়।’

সূত্র: এনডিটিভি

/এমএকে/