ইরান যুদ্ধে পেন্টাগনের হিসাবের চেয়েও বেশি মার্কিন সেনা নিহত

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইরান যুদ্ধে পেন্টাগনের হিসাবের চেয়েও বেশি মার্কিন সেনা নিহত
পেন্টাগনের হিসাবের চেয়েও বেশি মার্কিন সেনা নিহত হয়েছে ইরান যুদ্ধে

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতে পেন্টাগনের প্রকাশ করা হিসাবের চেয়ে বাস্তবে আরও বেশি মার্কিন সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতিতে মার্কিন সামরিক বাহিনীর প্রাণহানির প্রকৃত সংখ্যা পেন্টাগনের অফিশিয়াল ডেটার চেয়ে বেশ কিছুটা বেশি।

সংবাদমাধ্যমটির দাবি, পাঁচজন অজ্ঞাতনামা কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী এ সংঘাতে এখন পর্যন্ত অন্তত ২২ জন মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন। পেন্টাগনের নিয়মিত প্রকাশিত তথ্যভাণ্ডারে যে সংখ্যাটি দেখানো হচ্ছে, বাস্তবে তার চেয়ে অন্তত চার জন বেশি সেনা মারা গেছেন।

তবে এ বাড়তি মৃত্যুর সবগুলো সরাসরি যুদ্ধক্ষেত্রের গোলাগুলি বা লড়াইয়ের কারণে ঘটেনি। বরং চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থানকালে বিভিন্ন ঘটনার শিকার হয়ে তারা প্রাণ হারিয়েছেন।

এদিকে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনটি সামনে আসার পরই তা সরাসরি অস্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী ও পেন্টাগন প্রধান পিট হেগসেথ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া একটি পোস্টে তিনি সংবাদমাধ্যমটির এ প্রতিবেদনটিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে দাবি করেছেন। অন্যদিকে, প্রতিবেদনে উঠে আসা নিহতের সংখ্যার অমিলের বিষয়ে পেন্টাগনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি, সংবাদমাধ্যমের অনুরোধেও তারা মুখ খুলতে রাজি হয়নি।

সূত্র: রয়টার্স

/এমএকে/