বিতর্কের মুখে ‘দাঁড়িপাল্লা’ বাদ, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো প্রতীক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বিতর্কের মুখে ‘দাঁড়িপাল্লা’ বাদ, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো প্রতীক
ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই এবং ‘উপাত্ত ও তথ্য’ পাঠে জ্ঞানের পিরামিড। কোলাজ: সিজেডএন গ্রাফিক্স

২০২৭ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বইয়ে প্রজ্ঞার প্রতীক হিসেবে ‘দাঁড়িপাল্লা’র ছবি নিয়ে বিতর্কের পর তা বাদ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বইটিতে জ্ঞানের পিরামিডের চারটি স্তরের নাম থাকলেও সেখানে কোনো ধরনের প্রতীক রাখা হবে না।

রবিবার (২৬ অক্টোবর) এনসিটিবির সদস্য এ কে এম শওকত আলী খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এনসিটিবি জানিয়েছে, বইয়ের ‘উপাত্ত ও তথ্য’ পাঠে উপাত্ত, তথ্য, জ্ঞান ও প্রজ্ঞা– এই চার স্তরের নাম শুধু লিখিত আকারে থাকবে, কোনো প্রতীক ব্যবহার করা হবে না।

২০২৭ শিক্ষাবর্ষের জন্য এরইমধ্যে প্রায় ৩৮ লাখ কপি বই ছাপার কাজ প্রায় শেষের পথে। যেসব বই মাঠপর্যায়ে বা প্রেসের কাছে চলে গেছে, সেগুলোর সংশ্লিষ্ট পৃষ্ঠায় নতুন করে পরিমার্জিত পাতা বসিয়ে দেওয়া হবে। আগামী বছর এই বিষয়গুলো আরও ভালোভাবে পরিমার্জন করা হবে বলে জানিয়েছে এনসিটিবি।

এর আগে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে বইটির ছাপার কাজ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। পরে প্রেস মালিকদের সঙ্গে বৈঠকের পর নতুন করে পরিমার্জিত পৃষ্ঠা যুক্ত করার বিষয়ে সম্মতি হয়।

নাম প্রকাশ না করার শর্তে এনসিটিবির এক কর্মকর্তা বলেন, দাঁড়িপাল্লা মূলত একটি দলের নির্বাচনী প্রতীক। এ কারণে প্রতীকটি নিয়ে সমালোচনা হচ্ছে।

বইয়ে যেভাবে এলো দাঁড়িপাল্লা

২০২৭ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের ‘উপাত্ত ও তথ্য’ পাঠে জ্ঞানের পিরামিডের ধারণা তুলে ধরা হয়েছে। এতে চারটি স্তর রয়েছে। নিচ থেকে সেগুলো হলো– উপাত্ত, তথ্য, জ্ঞান ও প্রজ্ঞা। প্রতিটি স্তর বোঝাতে ব্যবহার করা হয়েছে আলাদা প্রতীক।

উপাত্তের স্তরে রয়েছে একটি বৃত্ত থেকে এক-চতুর্থাংশ আলাদা করা ছবি। তথ্যের স্তরে রয়েছে পরমাণুর ঘুর্ণায়মান গতিপথের ছবি। জ্ঞানের স্তর বোঝাতে ব্যবহার করা হয়েছে মানুষের মস্তিষ্কের ছবি। আর পিরামিডের সর্বোচ্চ স্তর প্রজ্ঞার প্রতীক হিসেবে রাখা হয়েছে দাঁড়িপাল্লা।

আওয়ামী লীগ সরকারের পতনের পর পাঠ্যক্রমে পরিবর্তন এনে অন্তর্বর্তী সরকার ২০১২ সালের শিক্ষাক্রমে ফিরে যায়। সেই অনুযায়ী, ২০২৫ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়েও প্রজ্ঞার স্তরে দাঁড়িপাল্লার ছবি ছিল। তবে চলতি শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের হাতে থাকা বইয়ে প্রজ্ঞার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে মানুষের মস্তিষ্কের ছবি।

এনসিটিবির নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন কোনো প্রতীক থাকবে না।

/এফসি/