ইরানের শক্তির উৎস নামাজ: মোজতবা খামেনি

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইরানের শক্তির উৎস নামাজ: মোজতবা খামেনি
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

বর্তমান সংকটে ইরানি জাতির টিকে থাকা, লড়াই করা এবং শেষ পর্যন্ত বিজয় ছিনিয়ে আনার প্রধান ভিত্তি ও শক্তি হলো নামাজ। মাশহাদের পবিত্র ইমাম রেজা মাজার প্রাঙ্গণে আয়োজিত ৩৩তম জাতীয় নামাজ সম্মেলনে পাঠানো এক বিশেষ বার্তায় এ কথা বলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি।

বার্তায় নামাজকে মহান আল্লাহর অন্যতম সেরা নিয়ামত ও ধর্মের প্রধান স্তম্ভ হিসেবে উল্লেখ করা হয়েছে। খামেনি বলেন, নামাজ হলো বান্দার সঙ্গে তার স্রষ্টার সরাসরি যোগাযোগের মাধ্যম। মনের ভেতরকার অহংকার আর জাগতিক কুপ্রবৃত্তির বিরুদ্ধে লড়াইয়ের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো নামাজ। এটি একই সঙ্গে মানুষের মনে শান্তি, আশা এবং ভালোবাসার সঞ্চার করে। শুধু তাই নয়, এটিকে কেবল ব্যক্তিগত রুটিন মনে করার কোনো সুযোগ নেই। বরং এটি একটি গুরুদায়িত্ব বা সামাজিক কর্তব্য।

পবিত্র কোরআনের আয়াতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সমাজে ক্ষমতা বা সামর্থ্য অর্জিত হলে নামাজ কায়েম করাই সৎকর্মশীলদের অন্যতম প্রধান কাজ। বর্তমান ইরানি জাতির ক্ষেত্রেও জাতীয় অগ্রগতি ও টিকে থাকার লড়াইয়ে নামাজের চেতনা ছড়িয়ে দেওয়া অত্যন্ত জরুরি। এই লক্ষ্য অর্জনে সমাজের সর্বস্তরের প্রভাবশালী ব্যক্তিদের এগিয়ে আসার তাগিদ দেন তিনি। পরিবার, শিক্ষক, সমাজের গুণীজন, প্রখ্যাত ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে নামাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে দ্বিগুণ দায়িত্ব কাঁধে নিতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

বার্তার শেষে তিনি বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে ইরানি জনগণ নামাজ কায়েমের মাধ্যমে এর সমস্ত বরকত ও কল্যাণ অর্জন করতে পুরোপুরি সক্ষম হবে।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

/এমএকে/