শিরোনাম

সিরিয়ায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ১৪

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
সিরিয়ায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ১৪
উত্তর-পশ্চিম সিরিয়ার ইদলিবের একটি অস্ত্রাগারে বিস্ফোরণস্থলে অ্যাম্বুলেন্স দেখা যাচ্ছে

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে পরিত্যক্ত যুদ্ধাস্ত্রের একটি গুদামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত ও ১১ জন আহত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এ দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত চলা গৃহযুদ্ধের কুড়িয়ে পাওয়া ও পরিত্যক্ত অস্ত্র ও গোলাবারুদ ওই গুদামটিতে সাময়িকভাবে জমা রাখা হয়েছিল। সেখান থেকে ঝুঁকিপূর্ণ অস্ত্রগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছিল, ঠিক সে সময়েই বিস্ফোরণটি ঘটে। এতে বেশ কয়েকজন কর্মী আহত হন। তবে ঠিক কী কারণে বা কীভাবে এ বিস্ফোরণের সূত্রপাত হলো, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।

ঘটনার পরপরই সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে মূল বিস্ফোরণের পর ভেতরে থাকা গোলাবারুদ থেকে একের পর এক ছোট ছোট বিস্ফোরণ হতে থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে উদ্ধারকারীদের বেশ কাঠখড় পোড়াতে হয়। দীর্ঘ সময় ধরে পুরো এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দুর্ঘটনাস্থল থেকে আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী ওঠার পাশাপাশি একের পর এক ছোট বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়।

হতাহতের বিষয়টি নিশ্চিত করে ইদলিবের স্বাস্থ্য অধিদপ্তরের গণমাধ্যম কর্মকর্তা সুভহি আসাফ বলেছেন, আহতদের আঘাত খুব বেশি মারাত্মক নয়। তাদের অধিকাংশের আঘাতই হালকা থেকে মাঝারি ধরনের। এদিকে অনাকাঙ্ক্ষিত ঝুঁকি এড়াতে ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দুর্ঘটনাস্থলগামী সব সড়ক সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী।

এক দশকেরও বেশি সময় ধরে সংঘাত চলা সিরিয়ায় অরক্ষিত অস্ত্রাগার কিংবা পরিত্যক্ত গোলাবারুদ থেকে এ ধরনের প্রাণঘাতী বিস্ফোরণ নতুন কিছু নয়। এর আগেও ১ সেপ্টেম্বর ইদলিবের বিন্নিশ এলাকায় গোলাবারুদবাহী একটি গাড়িতে আচমকা বিস্ফোরণ ঘটে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সে দুর্ঘটনায় পাঁচজন প্রাণ হারান এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন।

সূত্র: ডেইলি সাবাহ

/এমএকে/