হুথিদের হামলায় যাত্রীদের বাঁচাতে গিয়ে সৌদির বিমানবন্দর কর্মীর মৃত্যু

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
হুথিদের হামলায় যাত্রীদের বাঁচাতে গিয়ে সৌদির বিমানবন্দর কর্মীর মৃত্যু
নিহত বিমানবন্দর কর্মী সুলতান বিন আলি আল মাস্তুর আল কাহতানি

সৌদি আরবের দাম্মামে অবস্থিত কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভয়াবহ হামলার ঘটনায় যাত্রীদের জীবন বাঁচাতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক সৌদি বিমানবন্দর কর্মীর। নিজের জীবনের তোয়াক্কা না করে সাহসিকতার সঙ্গে আগুন নেভানোর চেষ্টা ও সহযাত্রীদের নিরাপদ করার সময় ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যান তিনি।

সৌদি গণমাধ্যমের তথ্য ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, ২১ অক্টোবর ডিউটিতে থাকাকালে বিমানবন্দরের ১৯ ও ২০ নম্বর গেটের কাছে একটি প্রজেক্টাইল আঘাত হানে। সঙ্গে সঙ্গে একটি যাত্রীবাহী বিমানের কাছাকাছি আগুন ধরে যায়। ভয়াবহ পরিস্থিতিতে আগুন যেন বিমানে ছড়িয়ে পড়ে ও ভয়াবহ বিপর্যয় না ঘটে, সে জন্য হাতের হ্যান্ডহেল্ড অগ্নিনির্বাপক যন্ত্র নিয়েই আগুনের দিকে ছুটে যান সুলতান বিন আলী আল মাস্তুর আল কাহতানি ও তার সহকর্মীরা।

আগুনের তীব্রতা ও চারপাশের ঘন ধোঁয়ার মধ্যে কাজ করতে গিয়ে প্রচুর ধোঁয়া সুলতানের ফুসফুসে প্রবেশ করে। অগ্নিনির্বাপণ অভিযান শেষে নিজের দপ্তরে ফিরে তিনি তীব্র বুকে ব্যথা ও শ্বাসকষ্টের কথা জানান। সহকর্মীরা পরিস্থিতি দেখে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান, কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায়ই তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে এবং তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ছেলের অকালমৃত্যু ও শেষ মুহূর্তের স্মৃতি স্মরণ করে বাবা আলী আল কাহতানি গণমাধ্যমকে বলেন, নিজের কথা একটুও না ভেবে সুলতান যেভাবে যাত্রীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে জরুরি পরিস্থিতিতে সাড়া দিয়েছিল, তা কেবল একজন বীরের পক্ষেই সম্ভব।

সূত্র: গালফ নিউজ

/এমএকে/