শিরোনাম

সৌদি আরামকোয় হামলার দাবি হুথিদের

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
সৌদি আরামকোয় হামলার দাবি হুথিদের
সৌদি আরবের দুটি গুরুত্বপূর্ণ আরামকো তেল স্থাপনায় হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের দুটি গুরুত্বপূর্ণ আরামকো তেল স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে। শনিবার (২৫ জুলাই) জিজান ও ইয়ানবু এলাকায় অবস্থিত এসব স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয় বলে জানিয়েছে সংগঠনটি।

হুথিদের দাবি, ইয়েমেনের হুদেইদা বন্দর ও কামরান দ্বীপে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার জবাব হিসেবে এই পাল্টা অভিযান চালানো হয়েছে।

এক বিবৃতিতে হুথি গোষ্ঠী জানিয়েছে, ইয়েমেনে ‘আগ্রাসনের’ প্রতিক্রিয়ায় তারা দুটি পৃথক সামরিক অভিযান পরিচালনা করেছে। এর মধ্যে প্রথম অভিযানে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে জিজানের আরামকো স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়। দ্বিতীয় অভিযানে ইয়ানবুর আরামকো স্থাপনায় একাধিক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তারা।

এদিকে, ইয়েমেনে সৌদি অবরোধ এবং সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার প্রতিবাদে বাব আল-মান্দেব প্রণালী দিয়ে সৌদি-সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজ চলাচল অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে হুথিরা।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনার কারণে হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরীয় অঞ্চলের বাণিজ্যিক কার্যক্রম ব্যাহত হওয়ায় বাব আল-মান্দেব প্রণালী সৌদি আরবের জ্বালানি রপ্তানির জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

অন্যদিকে, হুথিদের হামলার দাবির পর ইয়েমেন টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির মধ্যাঞ্চলের মারিব এবং উত্তরাঞ্চলের আল-জউফ প্রদেশে হুথি বাহিনীর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এসব হামলায় কয়েকজন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বিশেষজ্ঞসহ বেশ কয়েকজন হুথি সদস্য নিহত হয়েছেন। তবে এ বিষয়ে হুথি গোষ্ঠীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: মিডল ইস্ট আই।

/এমআর/