ইসরায়েলে ইহুদি-আরব যৌথ সরকার গঠনের দাবিতে বিক্ষোভ

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ইসরায়েলে ইহুদি-আরব যৌথ সরকার গঠনের দাবিতে বিক্ষোভ
তেল আবিবের রাস্তায় বিক্ষোভকারীরা

ইসরায়েলের নির্বাচনের কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দেখা দিয়েছে তীব্র রাজনৈতিক অচলাবস্থা। এ পরিস্থিতিতে স্থিতিশীল সরকার গড়তে ইহুদি ও আরব দলগুলোকে একত্রিত করার দাবিতে রাজধানী তেল আবিবের রাজপথে নেমে এসেছেন হাজারো বিক্ষোভকারী।

বিক্ষোভের মূল কেন্দ্রবিন্দু ছিল শহরের প্রধান প্রধান সড়কগুলো। বামপন্থী কর্মী ও সাধারণ মানুষ একত্র হয়ে নির্বাচন-পরবর্তী অচলাবস্থা ভাঙতে একটি অন্তর্ভুক্তিমূলক সরকারের দাবি জানান। এ সময় ক্ষুব্ধ জনতা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর একটি বিশাল নির্বাচনি পোস্টার পদদলিত করে নিজেদের ক্ষোভ প্রকাশ করে।

আন্দোলনকারীরা কট্টর ডানপন্থী রাজনীতিবিদ ইতামার বেন-গভিরকে বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। তাদের মুখে বার বার শোনা যাচ্ছিল, বেন গভির হেরে গেছেন!। অন্যদিকে বহু মানুষের হাতে থাকা হিব্রু ভাষার প্ল্যাকার্ডে লেখা ছিল, আরব ও ইহুদি- কেবল একসঙ্গেই আমরা জিতব। এই স্লোগান ও বার্তাগুলো স্পষ্ট করে যে, দেশটির চলমান সংকট কাটাতে ইহুদি ও আরব রাজনৈতিক দলগুলোর একত্রে কাজ করার বিকল্প নেই।

বর্তমানে ইসরায়েলি রাজনীতিতে এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নেতানিয়াহু ও তার বিরোধী শিবির- উভয় পক্ষই পার্লামেন্টে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে জোর চেষ্টা চালাচ্ছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, সরকার গঠনের এ টানাপোড়েনে ইসরায়েলের মোট জনসংখ্যার একটি বড় অংশ প্রতিনিধিত্বকারী আরব দলগুলো শেষ পর্যন্ত সবচেয়ে বড় নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে।

আন্দোলনকারীদের বক্তব্য, ইহুদি ও আরবদের অংশগ্রহণে একটি ঐক্যবদ্ধ সরকার গঠিত হলেই কেবল দেশে কাঙ্ক্ষিত রাজনৈতিক পরিবর্তন আসা সম্ভব। তবে মিছিলে অংশ নেওয়া সবার মনোভাব একই রকম ছিল না। বিক্ষোভের একপর্যায়ে কিছু আন্দোলনকারী একটি বিতর্কিত ব্যানার উঁচিয়ে ধরেন, যেখানে ইসরায়েলকে একটি পূর্ণাঙ্গ গণতন্ত্রের বদলে বর্ণবাদী রাষ্ট্র হিসেবে আখ্যা দেওয়া হয়। এটি মূলত দেশের বিদ্যমান সমগ্র রাজনৈতিক ব্যবস্থার প্রতি তাদের দীর্ঘদিনের ক্ষোভের প্রতিফলন ঘটায়।

সূত্র: ইউরো নিউজ

/এমএকে/