ইরানে পুনরায় হামলার ছক নেতানিয়াহুর

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ইরানে পুনরায় হামলার ছক নেতানিয়াহুর
বেঞ্জামিন নেতানিয়াহু

ইরানে নতুন করে সামরিক হামলা শুরু করার বিষয়ে ইসরায়েলের হবু প্রধানমন্ত্রী গাদি আইজেনকটের সঙ্গে আলোচনা করেছেন বেঞ্জামিন নেতানিয়াহু। তবে এ বৈঠকের আড়ালেই মোসাদপ্রধান রোমান গোফম্যানকে ওয়াশিংটনে পাঠানো হয়েছে, সে বিষয়ে আইজেনকটকে কিছুই জানানো হয়নি। শুক্রবার (১৩ নভেম্বর) ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে এ চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

২৭ অক্টোবরের নির্বাচনে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর থেকেই ইসরায়েলের রাজনীতিতে পটপরিবর্তন চলছে। নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন আইজেনকট। এ পরিস্থিতিতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) আইজেনকটের সঙ্গে বৈঠকে বসেন নেতানিয়াহু। চ্যানেল ১২ জানিয়েছে, ইরান-সংক্রান্ত কিছু গোয়েন্দা তথ্য আইজেনকটের হাতে তুলে দিতে চেয়েছিলেন বিদায়ী প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, গোয়েন্দা তথ্যগুলো হামলা পুনরায় শুরু করার পেছনে নেতানিয়াহুর উদ্দেশ্য সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। যদিও সরকার গঠনের আগে কোনো অপ্রয়োজনীয় সামরিক অভিযানে না জড়াতে নেতানিয়াহুকে আগেই সতর্ক করেছিলেন আইজেনকট। কিন্তু ইরান ইস্যুতে আলোচনা করতে মোসাদপ্রধান রোমান গোফম্যান যে ওয়াশিংটনে উড়াল দিয়েছেন, তা আইজেনকটের অজানাই ছিল। তাকে ইচ্ছাকৃতভাবেই অন্ধকারে রাখা হয়েছিল কি না, প্রতিবেদনে অবশ্য তা স্পষ্ট করা হয়নি।

হারেৎজ পত্রিকা জানিয়েছে, ইরানে হামলার পক্ষে যুক্তরাষ্ট্রের সমর্থন আদায় করতে ওয়াশিংটনে সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফের সঙ্গে বৈঠক করেছেন মোসাদপ্রধান। মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গেও তার দেখা করার কথা রয়েছে। চ্যানেল ১৩-এর তথ্যমতে, ইরানের পারমাণবিক কর্মসূচি, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি এবং ওয়াশিংটনের সঙ্গে করা চুক্তি লঙ্ঘনের নানা তথ্য-প্রমাণ মার্কিন কর্মকর্তাদের সামনে তুলে ধরবেন গোফম্যান। ইসরায়েলের মূল উদ্বেগ হলো, ওয়াশিংটন ও তেহরান এমন কোনো চুক্তিতে পৌঁছে যেতে পারে, যা ইরানের ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক সক্ষমতার লাগাম না টেনেই দেশটির ওপর থেকে চাপ কমিয়ে দেবে।

নেতানিয়াহুর এ তৎপরতায় আপত্তি রয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীরও। সরকারি সম্প্রচার মাধ্যম কান (KAN) জানিয়েছে, সেনাপ্রধান ইয়াল জামির ইরানে হামলার বিপক্ষে না হলেও, বর্তমান সময়টিকে মোটেও উপযুক্ত মনে করছেন না। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে সঠিক সময়ের অপেক্ষা করার পক্ষে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা সূত্র কান-কে জানিয়েছে, নতুন করে হামলা চালানোর মতো তাৎক্ষণিক কোনো হুমকি ইরানের পক্ষ থেকে দেখা যাচ্ছে না। বরং দীর্ঘস্থায়ী ও ক্ষয়িষ্ণু যুদ্ধে জড়িয়ে পড়ার বিষয়ে সতর্ক করেছে সেনাবাহিনী। আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধ শুরুর সম্ভাবনাও নাকচ করে দিয়েছে সূত্রটি। এর আগে নেতানিয়াহু ও সেনাপ্রধানের মতবিরোধের খবর ছড়ালে প্রধানমন্ত্রীর দপ্তর তা অস্বীকার করেছিল। তবে ক্ষমতা হস্তান্তরের ঠিক আগমুহূর্তে এমন সামরিক সিদ্ধান্তগুলো পরবর্তী সরকার গঠনের প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা করছেন ইসরায়েলি বিরোধী দলের নেতারা।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/