ক্ষয়ক্ষতি লুকাতেই ইরানি ড্রোন নিয়ে মনগড়া তথ্য ট্রাম্পের: ইরান

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ক্ষয়ক্ষতি লুকাতেই ইরানি ড্রোন নিয়ে মনগড়া তথ্য ট্রাম্পের: ইরান
ডোনাল্ড ট্রাম্প ও মোজতবা খামেনি

নিজেদের সামরিক বাহিনীর প্রকৃত ক্ষয়ক্ষতির হিসাব আড়াল করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ড্রোন সক্ষমতা নিয়ে মনগড়া পরিসংখ্যান দিচ্ছেন বলে অভিযোগ তুলেছে তেহরান। ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদরেজা হাজিবাবায়ির দাবি, তাদের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক সব সামরিক সরঞ্জাম কেবল ধ্বংসই করেনি, বেশ কিছু ড্রোন ও চালকবিহীন যান অক্ষত অবস্থায় নিজেদের কবজায় নিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে হাজিবাবায়ি জানান, ইরানি সেনারা প্রতিপক্ষের উন্নত সামরিক সরঞ্জাম ভূপাতিত করার পাশাপাশি সেগুলোর কয়েকটি অক্ষত অবস্থায় উদ্ধার করতে পেরেছে, যা বর্তমানে তেহরানের নিয়ন্ত্রণে রয়েছে। এ ছাড়া পানির নিচে ব্যবহৃত যুক্তরাষ্ট্রের কিছু উচ্চপ্রযুক্তির সামরিক সরঞ্জামও জব্দ করার কথা জানিয়েছেন তিনি। হাজিবাবায়ির মতে, জব্দ করা এসব সরঞ্জাম বিশ্লেষণ করে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নিজস্ব সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে এই ইরানি নেতা বলেন, ইরানের ড্রোন ও সামরিক অভিযান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট যেসব তথ্য-উপাত্ত সামনে আনছেন, মাঠের বাস্তবতার সঙ্গে তার কোনো মিল নেই। মূলত মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র লুকাতেই ওয়াশিংটন এমন প্রচারণা চালাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

তবে ইরানের হাতে ঠিক কতটি মার্কিন ড্রোন বা চালকবিহীন যান রয়েছে, সেগুলোর মডেল কী কিংবা কোন এলাকা থেকে সেগুলো উদ্ধার করা হয়েছে- তা নিয়ে বিস্তারিত কিছু বলেননি হাজিবাবায়ি। পানির নিচ থেকে জব্দ করা সরঞ্জামগুলোর ধরন বা সেগুলো থেকে কী ধরনের প্রযুক্তিগত সুবিধা মিলতে পারে, সে বিষয়েও কোনো সুনির্দিষ্ট তথ্য দেননি তিনি। তেহরানের এ দাবির প্রেক্ষিতে ওয়াশিংটনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

/এমএকে/