গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ৭৫ ফিলিস্তিনির দেহাবশেষ উদ্ধার

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ৭৫ ফিলিস্তিনির দেহাবশেষ উদ্ধার
গাজায় ধ্বংসস্তূপে উদ্ধারকর্মীরা

গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে নারী ও শিশুসহ ৭৫ ফিলিস্তিনির দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) তাদের শেষ বিদায়ে শেখ রাদওয়ান কবরস্থানে উপস্থিত হয়েছিলেন শত শত ফিলিস্তিনি। স্বজনদের এক নজর দেখার সুযোগ দিতে শনিবার (১৭ অক্টোবর) দেহাবশেষগুলো দারাজ স্পোর্টস ক্লাবের মাঠে রাখা হয়েছিল।

গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের জনসংযোগ ও গণমাধ্যম পরিচালক আবদুল্লাহ আল-মাজদালাউই জানান, সাম্প্রতিক সপ্তাহে উত্তর-পূর্ব গাজা শহরের দারাজ এলাকার বেশ কিছু ধসে পড়া বাড়ির নিচ থেকে এসব দেহাবশেষ উদ্ধার করা সম্ভব হয়েছে। যুদ্ধের প্রথমদিকে ভবনগুলোতে হঠাৎ বোমা বর্ষণ করা হয়েছিল, যখন সাধারণ বাসিন্দারা ও আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারগুলো ভেতরেই ছিলেন। তিনি জানান, উদ্ধার হওয়া ৭৫ জন প্রায় ২০টি আলাদা ফিলিস্তিনি পরিবারের সদস্য। তবে প্রয়োজনীয় সরঞ্জাম ও ভারী যন্ত্রপাতির তীব্র সংকটের কারণে ধ্বংসস্তূপ সরিয়ে মরদেহ বের করে আনার কাজ দারুণভাবে ব্যাহত হচ্ছে।

উদ্ধারকারীরা ১৯ জুলাই থেকে শুরু হওয়া একটি দীর্ঘমেয়াদি প্রকল্পের দ্বিতীয় ধাপে কাজ করছে। তাদের লক্ষ্য হলো ধ্বংসস্তূপের নিচে থাকা ফিলিস্তিনিদের দেহাবশেষ উদ্ধার করা। সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, এ দ্বিতীয় ধাপে গাজা শহর এবং উপত্যকার উত্তর ও মধ্যাঞ্চলজুড়ে ১৪৭টি ধসে পড়া বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। তাদের ধারণা, সেখানে অন্তত ১ হাজার ৭২ জনের দেহাবশেষ আছে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের তাণ্ডব শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৭৪,০০০-এরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ১,৭৫,০০০-এর বেশি মানুষ। সেই সঙ্গে পুরো উপত্যকার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/