শিরোনাম

পশ্চিমবঙ্গে অভিষেকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৪

সিটিজেন ডেস্ক
পশ্চিমবঙ্গে অভিষেকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৪
তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ছোড়া হয় ডিম

পশ্চিমবঙ্গের সদ্যবিদায়ী ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়াও ৩ জনকে আটক করেছে পুলিশ। ভিডিয়ো ফুটেজ দেখে তাদের চিহ্নিত করা হয়। স্বতঃপ্রণোদিত ভাবে এই উদ্যোগ নিয়েছে সোনারপুর থানা।

শনিবার (৩০ মে) দক্ষিণ ২৪ পরগণার সোনারপুরে এক নিহত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যান অভিষেক। ওই বাড়িতে পৌঁছানোর আগে থেকেই তাকে ঘিরে বিক্ষোভ দেখান বহু মানুষ। এসময় তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়। তার জামা ছিঁড়ে দেওয়া হয়, ছোড়া হয় ডিম আর কাদা। তার উদ্দেশে ‘চোর চোর’ স্লোগানও দেওয়া হয়েছে।

এক পর্যায়ে তাকে ঘিরে থাকা নিরাপত্তা কর্মীদের সঙ্গে মানুষের ধস্তাধস্তি শুরু হয়। ওই ঘটনার ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীদের মধ্যে দিয়েই অভিষেক একটি মোটরসাইকেলে করে এগোনোর চেষ্টা করছেন। এরই মধ্যে বহু মানুষ তাকে শারীরিকভাবে হেনস্থা করছেন। নিরাপত্তা কর্মীরা তাকে ঘিরে রেখেছেন। এসময় একজন কেউ তার মাথায় একটা নীল হেলমেট পরিয়ে দেন। এই পর্যায়েই তার দিকে ভিড়ের মধ্যে থেকে কেউ ডিম ছুড়ে মারে।

পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওই বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। তাকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়ার সময়েও উপস্থিত মানুষ বিক্ষোভ দেখান।

অভিষেক অসুস্থ বোধ করায় তাকে কলকাতার একটা বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার সঙ্গে দেখা করতে আসেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাতে তিনি সেই হাসপাতাল থেকে অভিষেককে সরিয়ে শহরের অন্য একটি হাসপাতালে নিয়ে যান।

ঘটনার নিন্দা জানিয়ে মমতা বলেছেন, শাসকই এখন ঘাতক।

এদিকে পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। এটা মানুষের স্বতঃস্ফূর্ত জনরোষ। আমরা সংযত আছি বলেই তৃণমূল রয়েছে।

পশ্চিমবঙ্গে সদ্য রাজনৈতিক পালাবদল ঘটেছে। ভোটে ভরাডুবির পর দলের ভেতরে অনেকেই অভিষেককে ‘দায়ী’ করেছেন। তৃণমূলের যেসব কর্মী ভোটের পর আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ, তাদের পাশে মমতা বা অভিষেক কাউকেই দেখা যায়নি। অবশেষে শনিবার অভিষেক তার দলের দুই নিহত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যান।

রবিবার (৩১ মে) সকালে এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত অভিষেক বা তৃণমূলের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

/এফসি/