শিরোনাম

পাটখেতে মিললো তৃণমূল নেতার ২ কোটি ২৪ লাখ টাকা

সিটিজেন ডেস্ক
পাটখেতে মিললো তৃণমূল নেতার ২ কোটি ২৪ লাখ টাকা
উদ্ধারকৃত টাকাসহ পুলিশসদস্যরা। ছবি: টাইমস অব ইন্ডিয়া

ভারতের পশ্চিমবঙ্গে উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা দীপঙ্কর ভট্টাচার্যের গ্রেপ্তারের একদিন পর তার বাড়ির কাছের একটি পাটখেত থেকে মাটি খুঁড়ে ২ কোটি ২৪ লক্ষ টাকা ভর্তি পাঁচটি বস্তা উদ্ধার করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার (২৬ মে) রাতে একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তারের পর তার বাসভবন সংলগ্ন কম্পিউটার রুম থেকে নগদ ৮০ লাখ টাকা এবং সরকারি ত্রাণের অন্তত ৪ হাজার ত্রিপল জব্দ করা হয়।

একই দুর্নীতির জালে জড়িয়ে মঙ্গলবার রাতে গ্রেপ্তার হয়েছেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের তৃণমূল সদস্য অজিত সাহা এবং তার ভাই সুজিত সাহা। মসলন্দাপুরে সুজিতের বাড়ি থেকে প্রায় ২৭ লাখ টাকা নগদ উদ্ধার করার পাশাপাশি অজিতের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বেআইনি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। মূলত এক ব্যক্তির পুরোনো অভিযোগ এবং ২৪ মে বিজেপি ও সিপিএমের দায়ের করা চাঁদাবাজির মামলার ভিত্তিতেই এ চিরুনি তল্লাশি চালানো হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২৪ মে রাতেই দীপঙ্কর ভট্টাচার্যের কার্যালয় এবং একটি স্থানীয় তৃণমূল কার্যালয় থেকে ভ্যানে করে বিপুল পরিমাণ ত্রিপল ও জরুরি নথিপত্র সরিয়ে ফেলা হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্তরা পালিয়ে যান এবং পরবর্তীতে কার্যালয়ের বাইরে থেকে আংশিক পোড়া নথিপত্র উদ্ধার করা হয়।

বুধবার (২৭ মে) আদালত দীপঙ্কর ভট্টাচার্যকে ৬ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। তবে এ পুরো কেলেঙ্কারি ও তিন নেতার গ্রেপ্তারের বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া

/এমএকে/