ভারতের মণিপুরে আবারও ভয়াবহ সংঘাত, নিহত ৫

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ভারতের মণিপুরে আবারও ভয়াবহ সংঘাত, নিহত ৫
মণিপুরে ভয়াবহ সংঘাতে ৫ জন নিহত হয়েছে

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে রক্তক্ষয়ী জাতিগত সহিংসতা শুরু হয়েছে। রাজ্যটিতে সাম্প্রতিক দুটি আলাদা সংঘাতে কমপক্ষে ৫ জন প্রাণ হারিয়েছেন। রবিবার (১ নভেম্বর) মণিপুর পুলিশের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (৩১ অক্টোবর) রাজ্যের নোনি জেলায় ‘অজ্ঞাতপরিচয় সশস্ত্র দুষ্কৃতকারীদের’ বন্দুকযুদ্ধে কুকি জনগোষ্ঠীর তিনজন মারা যান। এরপর রবিবার সকালে নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযানে ক্যাংপোকপি জেলা থেকে চলতি সপ্তাহের শুরুর দিকে নিখোঁজ হওয়া একই সম্প্রদায়ের আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়। কুকিদের মানবাধিকার নিয়ে কাজ করা মণিপুরের একটি শীর্ষ সংগঠন এ হত্যাকাণ্ডের জন্য নাগা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে দায়ী করেছে।

এদিকে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কুকি সশস্ত্র গোষ্ঠীগুলোর চুক্তি বাতিলের দাবিতে ইম্ফলসহ রাজ্যের বিভিন্ন স্থানে হাজার হাজার মানুষ বিক্ষোভ করছেন। ভারতের এ দূরবর্তী অঞ্চলে নিজস্ব ভূমির অধিকার নিয়ে প্রধানত খ্রিষ্টান কুকি ও নাগা উপজাতিদের মধ্যে বিরোধ বহুদিনের। চলতি বছরের ফেব্রুয়ারিতে কুকিদের হাতে এক নাগা ব্যক্তি নিগৃহীত হওয়ার পর নতুন করে উত্তেজনা শুরু হয়। এরপর মে মাসে নাগা সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় তিন কুকি যাজক নিহত হন। ওই ঘটনার পর থেকেই দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অপহরণ ও হত্যার ঘটনা ঘটেই চলেছে।

কুকি ও নাগার এ নতুন সংঘাত মণিপুরের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এমনিতেই ২০২৩ সালের মে মাস থেকে কোটা ও সরকারি সুযোগ-সুবিধার দাবি নিয়ে হিন্দু ধর্মাবলম্বী মেইতেই সম্প্রদায়ের সঙ্গে রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে আছে কুকি সম্প্রদায়। এ দীর্ঘস্থায়ী সংকটে এখন পর্যন্ত তিনশতের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং ঘরবাড়ি হারিয়ে ৬০ হাজারের বেশি মানুষ এখনো বিভিন্ন ত্রাণশিবিরে মানবেতর জীবন কাটাচ্ছেন।

সূত্র: রয়টার্স

/এমএকে/