শিরোনাম

ভারতীয় সেনাবহরে যুক্ত হচ্ছে মার্কিন জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ভারতীয় সেনাবহরে যুক্ত হচ্ছে মার্কিন জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র
এক মহড়ায় একজন ফিলিপিনো সৈন্য জ্যাভলিন ট্যাঙ্ক-বিধ্বংসী অস্ত্র ব্যবস্থা থেকে গুলি চালাচ্ছে। ছবি রয়টার্স

যুক্তরাষ্ট্র থেকে সর্বাধুনিক ‘জ্যাভলিন’ ট্যাংকবিধ্বংসী গাইডেড মিসাইল পেতে আনুষ্ঠানিক চুক্তি সই করেছে ভারতীয় সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের ফরেন মিলিটারি সেলস (এফএমএস) প্রক্রিয়ার মাধ্যমে এ ‘লেটার অফ অফার অ্যান্ড একসেপ্টেন্স’ (এলওএ) চুক্তিটি সম্পন্ন হয়।

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর নিজেই প্রথম এ সামরিক সহযোগিতার কথা প্রকাশ্যে আনেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘বড় খবর! ভারত যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত জ্যাভলিন ট্যাংকবিধ্বংসী ব্যবস্থা কেনার পরিকল্পনা করছে।’ তিনি আভাস দেন, এই চুক্তির হাত ধরে ভবিষ্যতে ভারতের মাটিতেই এ শক্তিশালী ক্ষেপণাস্ত্র যৌথ উৎপাদনের পথ প্রশস্ত হতে পারে।

এর আগে আনুমানিক ৪৫.৭ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের এ অস্ত্র বিক্রিতে সম্মতি জানিয়েছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর। প্রস্তাব অনুমোদনের প্রায় নয় মাস পর চূড়ান্ত চুক্তি সইয়ের মাধ্যমে তা বাস্তবে রূপ নিল। মার্কিন যৌথ প্রতিরক্ষা সংস্থা ‘আরটিএক্স’ এবং ‘লকহিড মার্টিন’-এর যৌথ উদ্যোগে নির্মিত জ্যাভলিন ব্যবস্থাটি মার্কিন সেনাবাহিনী ও মেরিন কোরসহ বিশ্বের বিভিন্ন দেশের সামরিক বাহিনী ব্যবহার করে থাকে। প্রতিপক্ষের যেকোনো আধুনিক ট্যাংক, সাঁজোয়া যান কিংবা সুদৃঢ় সুরক্ষিত অবস্থান ধ্বংস করে দিতে এটি অত্যন্ত কার্যকর।

দুই দেশের কৌশলগত সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘এই চুক্তিটি একটি প্রতিরক্ষা অংশীদারিত্বকে প্রতিফলিত করে যা আরও গভীর, সক্ষম এবং তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে।’ গত বছর ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত ১০ বছর মেয়াদী প্রতিরক্ষা কাঠামোর ওপর ভর করেই চুক্তিটি বাস্তবায়িত হলো। নয়াদিল্লিতে মার্কিন দূতাবাস জানিয়েছে, যুগান্তকারী সিদ্ধান্তটি ভারতীয় সেনাবাহিনীর সক্ষমতা বাড়াতে আমেরিকার প্রতিশ্রুতিরই প্রমাণ। একইসঙ্গে এটি দুই দেশের মধ্যে পারস্পরিক লাভজনক যৌথ উৎপাদন এবং প্রতিরক্ষা শিল্পকে আরও শক্তিশালী করার নতুন দরজা খুলে দেবে।

সূত্র: রয়টার্স

/এমএকে/