শিরোনাম

ভারতে বাংলাদেশের ভিসা কার্যক্রম পুনরায় চালু

ভারতে বাংলাদেশের ভিসা কার্যক্রম পুনরায় চালু
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে আবারও ভিসা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ হাইকমিশন। প্রায় দুই মাস বন্ধ থাকার পর শুক্রবার (২০ ফেব্রুয়ারি) থেকে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা প্রদান পুনরায় শুরু হয়েছে।

বার্তা সংস্থা ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কের তীব্র অবনতি ঘটে। এর ফলে গত ডিসেম্বর থেকে দুই দেশই ভিসা কার্যক্রম স্থগিত রাখে।

প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার তিন দিনের মাথায় এ অগ্রগতি ঘটেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর থেকেই দুই দেশের সম্পর্কে বরফ গলতে শুরু করেছে।

গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। পূর্ণাঙ্গ ফল ঘোষণার আগেই ১৩ ফেব্রুয়ারি সকালে এক বিবৃতিতে তারেক রহমানকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে ফল ঘোষণার পর বিকেলে টেলিফোনে কথা বলে তাকে শুভেচ্ছা জানান এবং সহযোগিতার আশ্বাস দেন মোদি।

এর আগে বৃহস্পতিবার ভারতের পক্ষ থেকে জানানো হয়, তারা ‘শিগগিরই’ বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম পুনরায় চালু করবে। সাম্প্রতিক এ পদক্ষেপকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

/জেএইচ/