শিরোনাম

শাড়ির নিচে লুকিয়েও গ্রেপ্তার এড়াতে পারলেন না তৃণমূল নেতা

সিটিজেন ডেস্ক
শাড়ির নিচে লুকিয়েও গ্রেপ্তার এড়াতে পারলেন না তৃণমূল নেতা
স্তূপকৃত শাড়ি (বাঁয়ে) ও গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতা ব্রহ্মানন্দ চক্রবর্তী (ডানে)। ছবি: এনডিটিভি

সরকারি আবাসন প্রকল্পে অবৈধ কমিশন নেওয়ার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গে এক তৃণমূল নেতাকে কাপড়ের দোকানের শাড়ির স্তূপের নিচ থেকে টেনে বের করে গ্রেপ্তার করেছে পুলিশ। হাওড়া জেলার উদয়নারায়ণপুরের এ নাটকীয় গ্রেপ্তারের ভিডিওটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে়ে জানা গেছে, উদয়নারায়ণপুর এলাকার বিলসাপুরের বাসিন্দারা স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা ব্রহ্মানন্দ চক্রবর্তীর বিরুদ্ধে সরকারি আবাসন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ তোলেন। তাদের দাবি, সুবিধাভোগীদের ঘর পাইয়ে দেওয়ার নাম করে তিনি কমিশন আদায় করছিলেন। এ জালিয়াতির বিরুদ্ধে ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়ের করার পরপরই পুলিশ অভিযুক্ত নেতাকে ধরতে অভিযানে নামে।

এদিকে পুলিশ তাকে গ্রেপ্তার করতে আসছে বুঝতে পেরে ব্রহ্মানন্দ চক্রবর্তী আত্মরক্ষার শেষ চেষ্টা হিসেবে কাছের একটি কাপড়ের দোকানের গুদামে ঢুকে পড়েন। সেখানে থাকা শাড়ির স্তূপের নিচে নিজেকে সম্পূর্ণ লুকিয়ে ফেলেন তিনি। তবে পুলিশের চোখ এড়ানো সম্ভব হয়নি। তল্লাশির একপর্যায়ে শাড়ির নিচ থেকে তাকে টেনে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। ক্যামেরায় বন্দি হওয়া এ দৃশ্যটি এখন নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সূত্র: এনডিটিভি

/এমএকে/