শিরোনাম

ভারতে পরীক্ষা পদ্ধতি সংস্কারে টাস্কফোর্স গঠন

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
ভারতে পরীক্ষা পদ্ধতি সংস্কারে টাস্কফোর্স গঠন
আন্দোলনরত শিক্ষার্থীরা (বাঁয়ে) ও নরেন্দ্র মোদি (ডানে)। কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

ভারতের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করে তুলতে এক বড় পদক্ষেপের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বখ্যাত প্রযুক্তিবিদ ও ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির নেতৃত্বে একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠন করা হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, দেশের পরীক্ষা পদ্ধতির মানোন্নয়নে এই টাস্কফোর্স প্রয়োজনীয় সুপারিশ দেবে এবং তার ভিত্তিতেই ভবিষ্যতের পরীক্ষাগুলোকে সম্পূর্ণ জালিয়াতিমুক্ত ও নিখুঁত করার ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে মোদী বলেন, যারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে খেলেছে, তাদের ছাড় দেওয়া হয়নি। তারা এখন কারাবন্দী। এসব মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিশেষ ফাস্ট-ট্র্যাক আদালত গঠন করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ জাতীয় অপরাধ রুখতে সংসদে কঠোর আইনি বিধান আনার কাজও দ্রুত এগিয়ে চলেছে।

সম্প্রতি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও বিক্ষোভের সৃষ্টি হয়, যার জেরে একপর্যায়ে দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলা সেই আন্দোলন শেষ হওয়ার পরদিনই প্রধানমন্ত্রী মোদীর কাছ থেকে এই জরুরি ঘোষণা এলো।

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেন, ভারতের পরীক্ষা ব্যবস্থা হতে হবে শতভাগ স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে পরিচালিত। টাস্কফোর্সের সুপারিশ হাতে পাওয়া মাত্রই তা দ্রুত বাস্তবায়নের মাধ্যমে আসন্ন পরীক্ষাগুলোতেই সার্বিক বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

সূত্র: এনডিটিভি

/এমএকে/