শিরোনাম

ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে: জরিপ

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে: জরিপ
ভারতের প্রতি বাংলাদেশিদের মনোভাব এখন অনেকটাই নেতিবাচক

প্রতিবেশী দেশ ভারতের প্রতি বাংলাদেশের সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ‘পিউ রিসার্চ সেন্টার’-এর সাম্প্রতিক এক জরিপ বলছে, আগের তুলনায় এখন বেশ কম সংখ্যক বাংলাদেশি ভারতকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। ৩৬টি দেশের ওপর চালানো এ বৈশ্বিক জরিপে বাংলাদেশের মানুষের চিন্তাভাবনার এ পরিবর্তন ফুটে উঠেছে।

জরিপের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের মাত্র ৪২ শতাংশ মানুষ ভারতের প্রতি ভালো মনোভাব পোষণ করেন। অথচ দুই বছর আগে পরিচালিত জরিপেও এ হার ছিল ৫৭ শতাংশ। গত দুই বছরে ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি একলাফে ১৫ শতাংশ কমে গেছে।

দৃষ্টিভঙ্গি বদলানোর পাশাপাশি জনমতের প্রকাশেও একটি বড় পরিবর্তন দেখা গেছে। আগে যেখানে ২৪ শতাংশ মানুষ ভারত প্রসঙ্গে কোনো মতামত না দিয়ে নীরব ছিলেন, এবার সেই সংখ্যাটি কমে দাঁড়িয়েছে মাত্র ৭ শতাংশে। এর অর্থ হলো, বাংলাদেশিরা এখন ভারতের বিষয়ে নিজেদের স্পষ্ট মতামত প্রকাশ করছেন। সেই মতামতের একটি বড় অংশই আগের চেয়ে নেতিবাচক।

বাংলাদেশ ছাড়াও তুরস্ক ও নাইজেরিয়ার মতো দেশে ভারতের জনপ্রিয়তা আগের চেয়ে কিছুটা কমেছে। তবে ভারতের অন্যান্য প্রতিবেশী দেশের চিত্র বেশ ভিন্ন। শ্রীলঙ্কার মানুষ ভারতকে সবচেয়ে বেশি পছন্দ করেন। দেশটির ৭৯ শতাংশ মানুষ ভারতের পক্ষে ইতিবাচক মত দিয়েছেন। অন্যদিকে, পাকিস্তানের মাত্র ৭ শতাংশ মানুষ ভারতের প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।

সব মিলিয়ে বিশ্বজুড়ে ৩৬টি দেশের গড়ে ৪৫ শতাংশ মানুষ ভারতকে ইতিবাচক চোখে দেখেন আর ৪১ শতাংশ মানুষের মনোভাব নেতিবাচক। তবে আন্তর্জাতিক এ গড় পরিসংখ্যানের মাঝে বাংলাদেশের চিত্রটি বিশেষভাবে নজর কাড়ছে, কারণ এখানে ভারতের গ্রহণযোগ্যতা কমার গতি বেশ দ্রুত।

/এমএকে/