ডায়ানার মৃত্যুর পর আনন্দে আত্মহারা হয়ে ওঠেন রাজা চার্লস

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ডায়ানার মৃত্যুর পর আনন্দে আত্মহারা হয়ে ওঠেন রাজা চার্লস
প্রিন্সেস ডায়ানা ও রাজা চার্লস

প্রিন্সেস ডায়ানার মৃত্যুর খবর পাওয়ার পর তৎকালীন প্রিন্স চার্লসকে নাকি এমন মনে হয়েছিল যেন তিনি ‘লটারি জিতেছেন’! ডায়ানার ভাই আর্ল স্পেন্সার তার নতুন স্মৃতিকথা ‘সোয়ান সং: ডায়ানা, মাই সিস্টার’ বইটিতে এমনই এক দাবি করেছেন।

১৯৯৭ সালে ডায়ানার মৃত্যুর পর চার্লস তাকে ফোন করেছিলেন, আর সেই ফোনালাপের স্মৃতিচারণ করে তিনি লিখেছেন যে চার্লসের আচরণে বিন্দুমাত্র শোকের ছায়া ছিল না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে সম্প্রতি এ তথ্য সামনে এসেছে। এমনকি বইটির অন্য একটি অংশে দাবি করা হয়েছে, ডায়ানাকে নিয়ে চার্লস একসময় মন্তব্য করেছিলেন, ‘আমরা শিগগিরই তাকে ভুলে যাবো’।

ডায়ানার মৃত্যুর প্রায় তিন দশক পর চার্লস ও রাজপরিবারের বিরুদ্ধে এমন কঠোর সব ব্যক্তিগত অভিযোগ এনেছেন তার ভাই। ১৯৯৭ সালের ৩১ আগস্ট দক্ষিণ আফ্রিকার কেপটাউনে নিজের বাড়িতে ঘুম ভাঙার পর বোন জেনের ফোন থেকে ডায়ানার গাড়ি দুর্ঘটনার ভয়াবহ খবর পান স্পেন্সার। তার দাবি, সেসময় যারা তাকে ফোন করেছিলেন, তারা প্রত্যেকেই ছিলেন বাকরুদ্ধ ও শোকে বিহ্বল। কথা বলতে গিয়ে সবার কণ্ঠই যেন আটকে আসছিল। কিন্তু ব্যতিক্রম ছিলেন চার্লস। তার কণ্ঠে শোকের বদলে এক অদ্ভুত উচ্ছ্বাস লক্ষ্য করেছিলেন স্পেন্সার। চার্লস তাকে ফোনালাপে জানান, সেদিন সকালেই তিনি বালমোরালে উইলিয়াম ও হ্যারিকে তাদের মায়ের মৃত্যুর খবরটি দিয়ে এসেছেন।

স্পেন্সারের বইটিতে চার্লস ও ডায়ানার অশান্ত দাম্পত্য জীবনের নানা নেপথ্য কাহিনীও উঠে এসেছে। ১৯৯৬ সালের আগস্টে আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ হয়েছিল। দাবি করা হয়েছে, ১৯৮১ সালের রাজকীয় বিয়ের আগের রাতে চার্লস ডায়ানাকে জানিয়েছিলেন তিনি তাকে বিয়ে করতে পেরে ‘খুব খুশি’, কিন্তু ‘আসলে তার প্রেমে পড়েননি’। বিয়ের শুরু থেকেই দুইপক্ষের চরম হতাশা আর দূরত্বে পরিস্থিতি বেশ জটিল হয়ে উঠেছিল। এমনকি জীবনের শেষ দিনগুলোতে ডায়ানা একাধিকবার আত্মহত্যার কথাও ভেবেছিলেন বলে লিখেছেন তার ভাই, তবে দুই সন্তানের প্রতি অগাধ ভালোবাসাই তাকে সেই সিদ্ধান্ত থেকে দূরে রেখেছিল।

এদিকে আর্ল স্পেন্সারের এমন দাবির তীব্র প্রতিবাদ জানিয়েছে বাকিংহাম প্যালেস। যদিও রাজপরিবার সাধারণত এ ধরনের বই নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করে না, তবে এবার তারা এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। প্যালেসের এক মুখপাত্র জানিয়েছেন, ভাই বা বোন হারানোর শোক কত বছর পেরিয়ে গেলেও মানুষের স্মৃতি আর বিচারবোধকে কীভাবে প্রভাবিত করতে পারে, রাজা চার্লস সেটাই মনে করেন।

ডায়ানার মৃত্যুর সময় রানি দ্বিতীয় এলিজাবেথের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করা ডিকি আরবিটারও চার্লসের উচ্ছ্বসিত হওয়ার এ দাবিকে সম্পূর্ণ ‘আজগুবি কথা’ বলে উড়িয়ে দিয়েছেন। বিবিসিকে তিনি জানান, সেসময় চার্লস মানসিকভাবে সম্পূর্ণ ‘বিধ্বস্ত’ ছিলেন এবং এ ধরনের আচরণ তার ব্যক্তিত্বের সঙ্গে কোনোভাবেই যায় না।

সূত্র: বিবিসি