২৪ ঘণ্টায় রুশ হামলায় ইউক্রেনের ১২৬০ সেনা নিহত

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
২৪ ঘণ্টায় রুশ হামলায় ইউক্রেনের ১২৬০ সেনা নিহত
রাশিয়ার সেনা সদস্যরা

ইউক্রেনে চলমান সংঘাতে ইউক্রেনীয় বাহিনীর ওপর বড় ধরনের আঘাত হানার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। মস্কোর দাবি, গত ২৪ ঘণ্টার ব্যবধানে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে চলা তীব্র লড়াইয়ে অন্তত ১২৬০ জন ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছে।

একই সঙ্গে ওডেসা অঞ্চলের চেরনোমোর্স্ক বন্দরে অভিযান চালিয়ে সামরিক রসদ বহনের কাজে ব্যবহৃত তিনটি কার্গো জাহাজ এবং একটি রোরো ফেরি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে রুশ বাহিনী।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশটির বিমান বাহিনী, ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো ইউক্রেনের সামরিক ঘাঁটি, জ্বালানি সরবরাহ এবং পরিবহন ব্যবস্থার ওপর একযোগে ব্যাপক আক্রমণ চালিয়েছে।

কিয়েভ, জাপোরোঝিয়া ও ওডেসা অঞ্চলের ধাতব শিল্প এবং সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী বেশ কয়েকটি কারখানা এ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে কিয়েভের গুরুত্বপূর্ণ সামরিক তথ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র ‘ডি নোভো’ ডাটা সেন্টার এবং একাধিক ড্রোন তৈরি ও সংরক্ষণের কারখানায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে খারকিভ ও দোনেৎস্ক এলাকার বিভিন্ন স্থানে ইউক্রেনীয় সেনাদের অস্থায়ী ঘাঁটি লক্ষ্য করে শক্তিশালী গাইডেড গ্লাইড বোমা দিয়ে হামলা চালানো হয়েছে। পাশাপাশি জাপোরোঝিয়ার রো জোভকা এবং খারকিভের মালায়া ভোলচিয়া বসতির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রুশ ব্যাটলগ্রুপ। এছাড়া গত একদিনে ইউক্রেনের ৯৫৬টি ড্রোন এবং ৮টি গাইডেড বোমা আকাশেই ভূপাতিত করার দাবি করেছে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

রাশিয়ার টানা ও বহুমুখী হামলায় ব্রোভারি অঞ্চলের প্রধান জ্বালানি কেন্দ্র, আর্টসিজ বিদ্যুৎ উপকেন্দ্র এবং রোমানিয়া থেকে সামরিক রসদ পরিবহনে ব্যবহৃত ডনেস্টার নদীর দুটি সেতু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে মস্কো।

সূত্র: তাস

/এমএকে/