রাজধানীর ৪ স্থানে ককটেল বিস্ফোরণ

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
রাজধানীর ৪ স্থানে ককটেল বিস্ফোরণ
রাজধানীর ৪ স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর চারটি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকালে প্রথমে মালিবাগ, পরে সন্ধ্যায় মহাখালী, আগারগাঁও এবং রাতে যাত্রাবাড়ীতে এসব বিস্ফোরণ ঘটে। তবে এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যার দিকে মহাখালী এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। প্রায় একই সময়ে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনসংলগ্ন সড়কে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এরপর রাত পৌনে ৮টার দিকে যাত্রাবাড়ী মোড়ের ট্রাফিক বক্সের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক মিনিটের ব্যবধানে সেখানে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার সময় যাত্রাবাড়ী এলাকায় যানবাহন ও মানুষের চলাচল ছিল। হঠাৎ বিস্ফোরণের ঘটনায় পথচারী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়। অনেকে নিরাপদ আশ্রয়ের জন্য আশপাশের দোকান ও ভবনে চলে যান।

খবর পেয়ে কয়েক মিনিটের মধ্যে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এর আগে, শুক্রবার বিকাল তিনটার দিকে মালিবাগ রেলগেট এলাকার ফরচুন শপিং মলের দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। ওই ঘটনাতেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে, গত ১৫ সেপ্টেম্বর দিবাগত রাত পৌনে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওইদিন প্রথমে জগন্নাথ হল গেট এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর টিএসসি এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে। ঘটনার পর ঢাবি ক্যাম্পাসে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।

ওই ঘটনার পর তাৎক্ষণিকভাবে ককটেল বিস্ফোরণে জড়িত কাউকে শনাক্ত করা যায়নি। তবে জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।

/এফআর/