শিরোনাম

জার্মানিতে ভিসামুক্ত প্রবেশাধিকার পাচ্ছে ৬২ দেশ

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
জার্মানিতে ভিসামুক্ত প্রবেশাধিকার পাচ্ছে ৬২ দেশ
জার্মানিতে ভিসামুক্ত প্রবেশাধিকার পাচ্ছে ৬২ দেশের নাগরিক

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও শেনজেন অঞ্চলের বাইরে থাকা বিশ্বের ৬২টি দেশের নাগরিকদের জন্য ২০২৬ সালেও স্বল্পমেয়াদি ভিসামুক্ত প্রবেশাধিকার সুবিধা বহাল রেখেছে জার্মানি, তবে এই তালিকায় স্থান পায়নি বাংলাদেশ। ফলে বাংলাদেশি নাগরিকদের আগের মতোই নির্ধারিত নিয়মে শেনজেন ভিসা নিয়েই দেশটিতে প্রবেশ করতে হবে।

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ তালিকা অনুযায়ী, এই বিশেষ সুবিধার আওতায় থাকা দেশগুলোর নাগরিকরা প্রতি ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত জার্মানিতে অবস্থান করতে পারবেন। এই সময়ের মধ্যে তারা পর্যটন, ব্যবসায়িক বৈঠক, পরিবার-পরিজনের সঙ্গে সাক্ষাৎ কিংবা অন্য যেকোনো স্বল্পমেয়াদি জরুরি প্রয়োজনে দেশটিতে ভ্রমণের সুযোগ পাবেন। তবে জার্মানি জানিয়েছে, এ সুবিধাটি কেবল সাময়িক ভ্রমণের জন্য প্রযোজ্য হবে। এর মাধ্যমে দেশটিতে কোনো ধরনের চাকরি বা স্থায়ী কর্মসংস্থানের অনুমতি পাওয়া যাবে না।

ভিসামুক্ত সুবিধার এই তালিকায় জার্মানির গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কূটনৈতিক অংশীদার দেশগুলোর মধ্যে স্থান পেয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর ও ইসরায়েল। এছাড়া তালিকায় থাকা অন্য দেশগুলোর মধ্যে রয়েছে আলবেনিয়া, অ্যান্ডোরা, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্জেন্টিনা, বাহামাস, বার্বাডোস, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, ব্রুনাই, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, ডোমিনিকা, এল সালভাদর, জর্জিয়া, গ্রেনাডা, গুয়াতেমালা, হন্ডুরাস, হংকং, কিরিবাতি, কসোভো, ম্যাকাও, মালয়েশিয়া, মার্শাল দ্বীপপুঞ্জ, মরিশাস, মেক্সিকো, মাইক্রোনেশিয়া, মলদোভা, মোনাকো, মন্টিনিগ্রো, উত্তর ম্যাসিডোনিয়া, নিকারাগুয়া, পালাউ, পানামা, প্যারাগুয়ে, পেরু, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, সামোয়া, সান মারিনো, সার্বিয়া, সেশেলস, সলোমন দ্বীপপুঞ্জ, তাইওয়ান, তিমোর-লেস্তে, টোঙ্গা, ত্রিনিদাদ ও টোবাগো, টুভালু, ইউক্রেন, উরুগুয়ে, ভানুয়াতু, ভ্যাটিকান সিটি এবং ভেনেজুয়েলা।

তবে এই তালিকায় বাংলাদেশের নাম না থাকায়, বাংলাদেশি পাসপোর্টধারীদের জার্মানিতে যেকোনো ধরনের স্বল্পমেয়াদি ভ্রমণের জন্য আগের মতোই সংশ্লিষ্ট ক্যাটাগরির শেনজেন ভিসা সংগ্রহ করতে হবে।

/এমএকে/