শিরোনাম

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ন্যাটো মহাসচিব

সিটিজেন ডেস্ক
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ন্যাটো মহাসচিব
ন্যাটো মহাসচিব মার্ক রুট। ছবি: সংগৃহীত

আগামী সপ্তাহে ওয়াশিংটন সফরে যাচ্ছেন ন্যাটো মহাসচিব মার্ক রুট। তিনি যুক্তরাষ্ট্রের রাজধানীতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

ন্যাটো মহাসচিব এমন সময় এ সফর করছেন, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের সম্ভাবনার কথা বলেছেন।

ট্রাম্প সম্প্রতি দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তিনি ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের বিষয়টি ‘গুরুত্বসহকারে বিবেচনা করছেন’।

তিনি অভিযোগ করেন, ন্যাটো সদস্য দেশগুলো– বিশেষ করে ব্রিটেন ও ফ্রান্স– ইরান যুদ্ধ নিয়ে তার অবস্থানকে যথেষ্ট সমর্থন দেয়নি। ট্রাম্প ন্যাটোকে ‘কাগুজে বাঘ’ বলে অভিহিত করেন এবং বলেন, যুক্তরাষ্ট্রের জন্য জোট ছাড়ার বিষয়টি এখন আর দূরের চিন্তা নয়।

ইউরোপীয় মিত্ররা অবশ্য ইরান সংঘাতে সরাসরি জড়াতে অনীহা দেখিয়েছে। কারণ তাদের মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্য এখনও স্পষ্ট নয়।

ন্যাটোর এক মুখপাত্র জানিয়েছেন, রুটের এই সফর আগে থেকেই পরিকল্পিত ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে এটি ‘গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল সময়ে’ অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে বুধবার রাতে ট্রাম্প আবারও হরমুজ প্রণালি নিয়ে মন্তব্য করে বলেন, মিত্র দেশগুলো, বিশেষ করে ফ্রান্স ও বৃটেন নিজেদের তেল নিজেরাই সংগ্রহ করুক এবং হরমুজ প্রণালি ‘দখলে’ নিক।

এছাড়াও ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (২ এপ্রিল) হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দাবি করেন, যুদ্ধের ‘কঠিন অংশ শেষ’ হয়েছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র তাদের সামরিক লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি রয়েছে। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আরও কঠোর সামরিক অভিযান চালানোর কথাও জানান তিনি। তবে তার এই বক্তব্য বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা ও পশ্চিমা মিত্রদের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন আরও বাড়িয়েছে।

সূত্র: দ্য টেলিগ্রাফ, আল জাজিরা

/জেএইচ/