তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে ৪ সেনা নিহত

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে ৪ সেনা নিহত
তুরস্কের মালাতিয়ায় এস-৭০ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ জন তুর্কি সেনা নিহত হয়েছেন

তুরস্কের পূর্বাঞ্চলীয় প্রদেশ মালাতিয়ার ইয়েসিলিউর্ট জেলায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ তুর্কি সেনা প্রাণ হারিয়েছেন। তুর্কি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে সামানকয় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এস-৭০ মডেলের ব্ল্যাক হক হেলিকপ্টারটি কেন এবং কীভাবে বিধ্বস্ত হলো, তা এখনও পরিষ্কার নয়।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় ৪ সেনাসদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এবং অনুসন্ধান ও উদ্ধার কাজ শুরু হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়েই ফায়ার সার্ভিস, জরুরি চিকিৎসা দল এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। সেখানে আগুন লাগলে জরুরি কর্মীরা তা নিভিয়ে ফেলেন। একইসঙ্গে পুলিশ ও সামরিক কর্মকর্তারা দুর্ঘটনাস্থল ঘিরে ফেলে তদন্ত শুরু করেছেন। তবে হেলিকপ্টারটিতে ঠিক কতজন সেনা ছিলেন বা এর মূল উদ্দেশ্য কী ছিল, সে বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনো বিস্তারিত কিছু জানায়নি।

উল্লেখ্য, এস-৭০ হলো যুক্তরাষ্ট্রের সিকোরস্কি কোম্পানির তৈরি অত্যন্ত পরিচিত ব্ল্যাক হক সিরিজের সামরিক ইউটিলিটি হেলিকপ্টার। এটি তুরস্কসহ বিশ্বের বহু দেশের সেনাবাহিনী নিয়মিত ব্যবহার করে থাকে।

সূত্র: তুর্কি টুডে

/এমএকে/