ইসরায়েলের জন্য এনভিডিয়া কেন গুরুত্বপূর্ণ?

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ইসরায়েলের জন্য এনভিডিয়া কেন গুরুত্বপূর্ণ?
এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং

বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে আবারও ফিরেছেন জেনসেন হুয়াং। এক কর্মকর্তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক এবং চীনা গুপ্তচরবৃত্তির অভিযোগকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের মধ্যে পদত্যাগের মাত্র ১১ দিন পরই তার এ প্রত্যাবর্তন। তবে হুয়াংয়ের ফেরা একদিকে যেমন রয়েছে কোম্পানিটির বিশাল বাজারমূল্য, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শিল্পে আধিপত্য এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার প্রশ্ন। তবে শুধু যুক্তরাষ্ট্রের জন্যই নয়, তার দায়িত্বে ফেরা ইসরাইলের প্রযুক্তি খাত ও অর্থনীতিতেও বড় স্বস্তি এনেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও তার প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের বাইরে এনভিডিয়ার সবচেয়ে বড় গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয় ইসরায়েলে।

এনভিডিয়ার বাজারমূল্য প্রায় ৪ ট্রিলিয়ন ডলার। প্রতিষ্ঠানটি বৈশ্বিক জিপিইউ বাজারের ৯০ শতাংশ নিয়ন্ত্রণ করে। গত ৩ বছরে ইসরায়েলে প্রতিষ্ঠানটির কর্মীসংখ্যা দ্বিগুণ হয়েছে। বর্তমানে এর সংখ্যা প্রায় ৬ হাজারে দাঁড়িয়েছে। তেল আবিব ও জেরুজালেমসহ বিভিন্ন শহরে তাদের ৭টি গবেষণা কেন্দ্র রয়েছে। এছাড়া হাইফার কাছে আরও একটি বিশাল ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনা চলছে।

ইসরায়েল ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৬ সালে দেশটির জিডিপি প্রবৃদ্ধিতে এনভিডিয়ার অবদান ছিলো ২.২ শতাংশীয় পয়েন্ট। যা মোট সরকারি কর আয়ের প্রায় ৩ শতাংশ। পাশাপাশি ২০২০ সালে ইসরায়েলি প্রতিষ্ঠান ‘মেলানক্স’ অধিগ্রহণের মাধ্যমে এনভিডিয়ার নেটওয়ার্কিং ব্যবসায় বিপুল আয় হচ্ছে।

গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনী কর্তৃক এনভিডিয়ার এআই প্রযুক্তি ব্যবহারের অভিযোগ ঘিরে মানবাধিকার ও নৈতিকতার বিতর্কও নতুন করে সামনে এসেছে।

এর আগে গত ১২ নভেম্বর এনভিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা ও দীর্ঘদিনের প্রধান জেনসেন হুয়াং পদত্যাগ করেন। তার বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর খবর প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। অভিযোগের কেন্দ্রবিন্দুতে ছিলেন চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াং। তিনি সিঙ্গাপুরভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেগাস্পিডের নেতৃত্ব দিতেন। ট্রাম্প প্রশাসনের কয়েকজন কর্মকর্তার দাবি, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে চীনা গোয়েন্দা সংস্থার যোগাযোগ ছিল। নিউইয়র্ক টাইমস প্রথম এ খবর প্রকাশ করে।

তবে বেইজিং অ্যালিস হুয়াংয়ের বিরুদ্ধে চীনা গুপ্তচর হওয়ার অভিযোগ অস্বীকার করেছে। বিষয়টি নিয়ে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ তদন্ত শুরু করলেও তা শেষ হওয়ার আগেই পদত্যাগ করেন জেনসেন হুয়াং। তার বিরুদ্ধে কোম্পানির আরও অন্তত দুইজন কর্মকর্তার সঙ্গে সম্পর্কের অভিযোগও ওঠে।

হুয়াংয়ের পদত্যাগের খবর প্রকাশের পর থেকেই এনভিডিয়ার ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে উদ্বেগ তৈরি হয়। বিশ্লেষকদের আশঙ্কা ছিল, তাকে হারালে কোম্পানিটির বাজারমূল্যের বড় অংশ কমে যেতে পারে। কেউ কেউ ধারণা করেছিলেন, এর ফলে প্রায় ৪ ট্রিলিয়ন ডলারের কোম্পানিটির মূল্যায়ন ৩০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।

শেয়ারবাজারেও সেই উদ্বেগের প্রভাব পড়ে। ২০ নভেম্বরের মধ্যে এনভিডিয়ার শেয়ারের দাম প্রায় ২৭ দশমিক ৭ শতাংশ কমে যায়। কোম্পানিটির বাজারমূল্য নেমে আসে ৩ দশমিক ০৪ ট্রিলিয়ন ডলারে। তবে হুয়াংয়ের প্রত্যাবর্তনের ঘোষণা আসার পর পরিস্থিতি পাল্টে যায়। সোমবার লেনদেন শেষে কোম্পানিটির বাজারমূল্য আবারও বেড়ে ৩ দশমিক ৯৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছায়।

সব মিলিয়ে বাজারের চাপ এবং ট্রাম্প প্রশাসনের তৎপরতার মধ্যে শেষ পর্যন্ত হুয়াংকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় এনভিডিয়ার বোর্ড। ফিরে এসে এক বিবৃতিতে হুয়াং বলেন, একটি নতুন শিল্প বিপ্লবের শুরুতে এনভিডিয়াতে ফিরে এসে বিশ্বের অন্যতম প্রভাবশালী একটি প্রযুক্তি কোম্পানির নেতৃত্ব দিতে পেরে আমি সম্মানিত বোধ করছি।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/