আবারও বাড়লো জ্বালানি তেলের দাম, ৫ মাসে সর্বোচ্চ

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
আবারও বাড়লো জ্বালানি তেলের দাম, ৫ মাসে সর্বোচ্চ
প্রতীকী ছবি

মধ্যপ্রাচ্যে যুদ্ধ নতুন করে ছড়িয়ে পড়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ পযার্য়ে পৌঁছেছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১ শতাংশের বেশি বেড়ে ১১৫ ডলার পেরিয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর আবারও সামরিক পদক্ষেপ নিতে পারে- এমন গুঞ্জনে পুরো জ্বালানি বাজারে এক ধরনের অস্থিরতা কাজ করছে। অন্যদিকে তেহরানও সতর্ক করে দিয়েছে, তাদের ওপর নতুন করে কোনো আক্রমণ চালানো হলে তা চুপচাপ সহ্য করা হবে না। সে ক্ষেত্রে উপসাগরীয় অঞ্চলের তেল ক্ষেত্র, সমুদ্রের তলদেশের ইন্টারনেট কেবল, ডেটা সেন্টার ও এআই কাঠামোর মতো স্পর্শকাতর জায়গায় পাল্টা আঘাত হানবে তারা।

বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে ব্রোকারেজ প্রতিষ্ঠান ইন্টারঅ্যাকটিভ ইনভেস্টরের রিচার্ড হান্টার বলেন, ‘মধ্যবর্তী নির্বাচনের পর যুক্তরাষ্ট্র কূটনৈতিক পথ অনুসরণ না করে ইরানে নতুন করে সামরিক হামলার কথা বিবেচনা করছে- এমন খবরই তেলের দাম বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। অনেকেই যে সংঘাতকে স্বল্পস্থায়ী বলে মনে করেছিলেন, তা এখন অষ্টম মাসে গড়িয়েছে।’

উল্লেখ্য, এ যুদ্ধ শুরু হওয়ার আগে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক বাজারে এক ব্যারেল তেলের দাম ছিল প্রায় ৭২ ডলার। পরে সংঘাত বৃদ্ধি পেলে এপ্রিলের শেষের দিকে তা ১২৬ ডলারে গিয়ে ঠেকেছিল।

সবশেষ চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, বুধবার (২১ অক্টোবর) গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিতে চারটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে তারা।

আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ করে ওয়েলথ ক্লাবের প্রধান বিনিয়োগ কৌশলবিদ সুসানাহ স্ট্রিটার বলেন, ৩ নভেম্বরের মার্কিন নির্বাচনের পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালাতে পারে- এমন আশঙ্কা বাড়ছে।

শুধু মধ্যপ্রাচ্যের আঁচেই নয়, রাশিয়ার তেল সরবরাহ নিয়েও তৈরি হয়েছে নতুন উদ্বেগ। ইউক্রেনের হামলায় সম্প্রতি রাশিয়ার বেশ কয়েকটি ডিজেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে টান পড়ার শঙ্কা জেগেছে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/