মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড ধস

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড ধস
ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। মঙ্গলবার (৩ নভেম্বর) নির্ধারিত সময়ে এ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হবে। তবে এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাজের প্রতি জনসমর্থন বা ‘অ্যাপ্রুভাল রেটিং’ রেকর্ড সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি পৌঁছেছে। খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের ক্রমবর্ধমান মূল্য নিয়ে অসন্তুষ্ট আমেরিকান জনগণের কাছে সমর্থন হারিয়েছেন ট্রাম্প।

সোমবার (২ নভেম্বর) রয়টার্স/ইপসোসের নতুন এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে মাত্র ৩২ শতাংশ জনগণ প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছেন। একইসঙ্গে জরিপে অংশগ্রহণকারীদের কাছে রিপাবলিকান পার্টির অজনপ্রিয়তাও স্পষ্ট হয়ে উঠেছে। ডেমোক্রেট বনাম রিপাবলিকান প্রার্থীর ক্ষেত্রে কাকে ভোট দেবেন-এমন প্রশ্নে ৪৬ শতাংশ উত্তরদাতা ডেমোক্রেটদের পছন্দের কথা জানিয়েছেন। বিপরীতে রিপাবলিকানদের পক্ষে মত দিয়েছেন ৩৮ শতাংশ।

জরিপ অনুযায়ী, কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে প্রয়োজনীয় ২১৮টি আসনের চেয়ে অনেক বেশি আসনে ডেমোক্র্যাটিক প্রার্থীরা এগিয়ে আছেন। গুরুত্বপূর্ণ সিনেট আসনগুলোতে তারা সমানে সমানে আছেন অথবা সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন।

নিউইয়র্ক টাইমসের সাম্প্রতিক এক জরিপে সাউথ ক্যারোলাইনার সিনেট নির্বাচনকে অমীমাংসিত হিসেবে দেখানো হয়েছে। অথচ ২০২৪ সালের নির্বাচনে এই রাজ্যে ডোনাল্ড ট্রাম্প ১৮ শতাংশ বেশি ব্যবধানে জয়ী হয়েছিলেন। সিএনএনের সাম্প্রতিক সমীক্ষায় টেক্সাস, কানসাস এবং মেইনে ডেমোক্র্যাটরা এগিয়ে রয়েছে।

নির্বাচনের ব্যালটে ডোনাল্ড ট্রাম্পের নাম নেই। তবে তিনি সমর্থকদের বলে আসছেন যেন তারা ট্রাম্পকেই ভোট দিচ্ছেন মনে করে ভোটকেন্দ্রে যান। রিপাবলিকান পার্টি যদি মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ হারায়, তবে ডেমোক্রেটরা তাকে তৃতীয়বারের মতো অভিশংসন করার উদ্যোগ নিতে পারে বলে সতর্ক করেছেন ট্রাম্প।

বিভিন্ন জরিপে দেখা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও মার্কিন-ইসরায়েল সংঘাত শুরুর পর থেকেই ট্রাম্পের জনপ্রিয়তা কমতে শুরু করে। এই সংঘাতের ফলে পেট্রল ও ডিজেলের দাম ব্যাপক বৃদ্ধি পায়। যার প্রভাবে মার্কিন গ্রাহকরা মুদ্রাস্ফীতি ও অর্থনীতি নিয়ে গভীর চিন্তায় পড়েছেন।

সোমবার (২ নভেম্বর) বিকালে ওয়াশিংটন ডিসির ঐতিহাসিক ‘লিংকন মেমোরিয়াল রিফ্লেক্টিং পুল’-এ আয়োজিত এক সমাবেশের মাধ্যমে ট্রাম্প তার শেষ নির্বাচনী প্রচার শেষ করেন। এদিন তিনি পরোক্ষভাবে স্বীকার করেছেন যে, তার এই ব্যাপক নির্বাচনী প্রচারণা হয়তো তার দলের জন্য কাঙ্ক্ষিত ফল নাও আনতে পারে। ট্রাম্প বলেন, কোনো এক অজানা কারণে ক্ষমতাসীন প্রেসিডেন্ট সাধারণত মধ্যবর্তী নির্বাচনে জয়ী হতে পারেন না। তবে আমরা লড়াই চালিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছি।

সূত্র: রয়টার্স, বিবিসি, আল জাজিরা

/জেএইচ/