তাহসিফ সৌরির ‘বন্ধু’ দীপ আবারও রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
তাহসিফ সৌরির ‘বন্ধু’ দীপ আবারও রিমান্ডে
(বা থেকে) নিহত সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরি এবং রিমান্ডপ্রাপ্ত আহমেদ শাহরিয়ার রেজা দীপ

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তার ‘জুনিয়র বন্ধু’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে এবার তিনদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালত এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, দীপের চার দিনের রিমান্ড শেষে আজ (মঙ্গলবার) দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় দীপকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আরও সাত দিনের রিমান্ড আবেদন করেন নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন।

রিমান্ড আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে দীপ জানিয়েছেন, গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৩টার দিকে তিনি তাহসিফকে বাসা থেকে ডেকে নিয়ে বাইরে যান। পরে তাহসিফ, দীপ ও মামলার আরেক সন্দিগ্ধ আসামি জেরিকা তাসনিম দিশা (১৯) বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন। একপর্যায়ে দিশা বাসায় ফিরে যান।

গত ২৮ অক্টোবর রাত ১২টা ৪০ মিনিটের দিকে তাহসিফ ও দীপ টঙ্গীর মাছের বস্তি এলাকায় পৌঁছান। সেখান থেকে বাজার বস্তির ভেতর দিয়ে তুরাগ নদীর তীরবর্তী একটি মাঠের দিকে যাওয়ার সময় কয়েকজন লোককে দেখে তারা আলাদা হয়ে যান।

এতে আরও বলা হয়, জিজ্ঞাসাবাদে দীপ মামলার ঘটনা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে সেগুলো তদন্তের স্বার্থে গোপন রেখে যাচাই-বাছাই করা হচ্ছে। ঘটনার আগে তাহসিফের সঙ্গে দীপ ও দিশাকে বিভিন্ন স্থানে ঘোরাফেরা এবং রেস্তোরাঁয় খাবার খেতে দেখা গেছে।

এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মৃত্যুর আগে তাহসিফকে সর্বশেষ দীপ ও দিশার সঙ্গে দেখা গেছে। দীপকে সঙ্গে নিয়ে সংগ্রহ করা বিভিন্ন সিসিটিভি ফুটেজ যাচাই ও বিশ্লেষণ করা প্রয়োজন। এ ছাড়া, তাহসিফের সঙ্গে নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে অবস্থানকালে দীপ ১৫ থেকে ২০ মিনিটের জন্য অন্যত্র গিয়ে কার সঙ্গে যোগাযোগ করেছিলেন, তা খতিয়ে দেখা প্রয়োজন।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও উদ্দেশ্য উদ্ঘাটন, হত্যার স্থান শনাক্ত, আলামত উদ্ধার এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুনরায় সাত দিনের রিমান্ড প্রয়োজন।

তবে দীপের পক্ষে তার আইনজীবী মুতাসিম বিল্লাহ রিমান্ড আবেদন বাতিল চেয়ে শুনানি করেন। দুপক্ষের শুনানি নিয়ে আদালত দীপের তিনদিনের রিমান্ডের আদেশ দেয়।

এর আগে, গত ৩১ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই ঘটনায় করা মামলায় গত ১ নভেম্বর নিহতের বান্ধবী জেরিকা তাসনিম দিশাকেও চার দিনের রিমান্ডে পাঠানো হয়।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর বিকাল সাড়ে ৪টার দিকে তুরাগ নদ থেকে তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য তাহসিফ সৌরির মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের মর্গে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক সুরতহাল শেষে পুলিশ জানিয়েছে, বাহ্যিকভাবে তাহসিফ সৌরির গায়ে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি, কেবল উদ্ধারকালে নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়তে দেখা গেছে।

এ ঘটনায় গত শুক্রবার (৩০ অক্টোবর) রাতে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়।

/এফআর/