শিরোনাম

চিৎকার করে বিশ্ব রেকর্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
চিৎকার করে বিশ্ব রেকর্ড
অস্ট্রেলিয়ার সরকারি নগর ঘোষক জোসেফ ম্যাকগ্রেইল

অসাধারণ কণ্ঠশক্তির প্রদর্শন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার সরকারি নগর ঘোষক জোসেফ ম্যাকগ্রেইল। ‘লর্ড জোসেফ’ নামেও পরিচিত এই ঘোষক ১২২ দশমিক ৪ ডেসিবল তীব্রতার চিৎকার করে পুরুষদের মধ্যে সবচেয়ে জোরালো কণ্ঠের নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন।

সাধারণত মানুষের স্বাভাবিক কথোপকথনের মাত্রা প্রায় ৬০ ডেসিবল। অন্যদিকে, ৮৫ ডেসিবলের বেশি শব্দ দীর্ঘসময় শুনলে তা শ্রবণশক্তির জন্য ক্ষতিকর হতে পারে। তুলনামূলকভাবে ব্লেন্ডার, ঘাস কাটার যন্ত্র কিংবা ড্রিল মেশিনের শব্দের তীব্রতা প্রায় ৯০ ডেসিবল হয়ে থাকে। সেই হিসেবে জোসেফের চিৎকার ছিল অত্যন্ত শক্তিশালী।

জোসেফ বর্তমানে ক্যানবেরা ও কুইনবিয়ান অঞ্চলের সরকারি টাউন ক্রাইয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে ছোটবেলায় তিনি মোটেও উচ্চকণ্ঠ ছিলেন না। বরং নিজেকে লাজুক স্বভাবের মানুষ হিসেবে বর্ণনা করেছেন তিনি। পরবর্তী সময়ে থিয়েটারে যুক্ত হওয়ার পর তিনি উপলব্ধি করেন যে দর্শকের কাছে পৌঁছাতে কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করতে হবে। সেই লক্ষ্যেই তিনি এমন নাট্যদলে প্রশিক্ষণ নিতে শুরু করেন, যেখানে মাইক্রোফোন ব্যবহার করা হতো না। দীর্ঘ অনুশীলন ও অভিজ্ঞতার মাধ্যমে ধীরে ধীরে তার কণ্ঠস্বর আরও জোরালো হয়ে ওঠে।

২০১৭ সালে নগর ঘোষকের দায়িত্ব পাওয়ার পর জোসেফ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করেন। ২০২২ সাল থেকে তিনি অস্ট্রেলিয়ার টাউন ক্রাইয়ারদের ঐতিহ্যবাহী প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণ করেন। ২০২৪ সালে ৯৮ ডেসিবল মাত্রার চিৎকার করে তিনি সবচেয়ে জোরালো কণ্ঠের বিভাগে শীর্ষস্থান অর্জন করেন।

তিনি চলতি বছরের শুরুতে বিশ্ব রেকর্ড গড়ার পরিকল্পনা করেন। এর আগে তিরন্দাজিতেও একটি গিনেস রেকর্ডের মালিক ছিলেন জোসেফ। নতুন চ্যালেঞ্জ হিসেবে চিৎকারের রেকর্ড বেছে নেন এবং কয়েক মাসের প্রস্তুতির পর সফল হন।

রেকর্ড গড়তে শুধু কণ্ঠচর্চাই নয়, শব্দ নির্বাচনের কৌশলও কাজে লাগান জোসেফ। মেয়ের সহায়তায় বিভিন্ন শব্দ পরীক্ষা করে শেষ পর্যন্ত ‘নাউ’ শব্দটি বেছে নেন। যা সর্বোচ্চ শব্দমাত্রা অর্জনে সহায়ক হয়। সেই শব্দ উচ্চারণ করেই তিনি গড়ে ফেলেন নতুন বিশ্ব রেকর্ড।

/এসবি/